ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর মর্যাদায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ২৪ মে ইনস্টিটিউটের ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মুজিবুর রহমান চৌধুরী, সুজিত কুমার বিশ্বাস ও সেলিম আক্তার জোয়ারদার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. আলমগীর, মো. রকিব হোসেন ও মো. এস এম তানভির।বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশের প্রতিটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে নানা রকম সমস্যা বিরাজ করছে। বিশেষ করে, বিপুলসংখ্যক শিক্ষকের পদ দীর্ঘদিন থেকে শূন্য পড়ে আছে। শিক্ষকস্বল্পতা সত্ত্বেও শিক্ষকেরা দুই পালায় কাজ করে আসছেন। এ অবস্থায় কারিগরি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির পরিবর্তে ক্ষুণ্ন করার প্রচেষ্টা চলছে। বক্তারা বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ প্রকৌশলী তথা ডিপ্লোমা প্রকৌশলীদের অস্তিত্ব বিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।