৭ বছর ধরে বন্ধ প্রসূতিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা হাসপাতালে ১৩ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র তিনজন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবেদনবিদের অভাবে সাত বছর ধরে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে উপজেলার প্রসূতি রোগীরা সরকারি হাসপাতালে কম খরচে প্রসূতিসেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।ভুক্তভোগী রোগীদের পানছড়ি সদর থেকে ২৬ কিলোমিটার দূরে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করাতে হচ্ছে। কেউ কেউ ঝুঁকি এড়ানোর জন্য আগেভাগে খাগড়াছড়ি সদর হাসপাতালের আশপাশে আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করেন। এতে সংশ্লিষ্ট রোগীকে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৪ সালে চিকিৎসক জয়া চাকমা গাইনি কনসালট্যান্ট বিষয়ে এক বছরের জন্য প্রশিক্ষণে এবং চিকিৎসক শহীদ তালুকদার কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণে গিয়ে আর ফিরে আসেননি। সেই থেকে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।এদিকে টেকনিশিয়ান থাকা সত্ত্বেও সামান্য মেরামত ও একটি আইপিএসের অভাবে ২০০৩ সাল থেকে এক্স-রে যন্ত্র বন্ধ রয়েছে। ফলে যেকোনো এক্স-রের জন্যও রোগীদের খাগড়াছড়ি সদরে যেতে হয়।সূত্র জানায়, হাসপাতালে বিভিন্ন বিভাগে ১৩ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন মাত্র তিনজন। ফলে তিন চিকিৎসক দিয়ে চলছে জোড়াতালির চিকিৎসাসেবা।স্থানীয় শিক্ষক ইন্দ্রলাল চাকমা বলেন, ‘পানছড়ি হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় আমার স্ত্রীকে গত বছরের ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সন্তান প্রসব করাতে হয়েছে। এর সপ্তাহ দুয়েক আগে আমাকে খাগড়াছড়ি হাসপাতালের কাছে এক আত্মীয়ের বাসায় থাকতে হয়। এতে বাসাভাড়া না লাগলেও আনুষঙ্গিক খাতে কয়েক হাজার টাকা অতিরিক্ত খরচ হয়েছে।’হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বিদুর্শী চাকমা চিকিৎসক-সংকটের কথা স্বীকার করে বলেন, ‘এ কারণে আমাকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।’পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাশ বলেন, ‘জরুরি প্রসূতিসেবা কার্যক্রম চালু করার জন্য চিকিৎসক নিয়োগ ও এক্স-রে যন্ত্র চালুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।’ পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের শেখ বলেন, ‘আমরা প্রতিটি সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাব তৈরি করে সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি।’