৭ বছরে সংস্কার হয়নি একবারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর কোটি টাকার টোল আদায় হলেও চালু হওয়ার সাত বছর পরও বন্দর টোল সড়কের বড় ধরনের সংস্কার হয়নি। টোল আদায়ের কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা সড়ক সংস্কারের দায়িত্ব সরকারের বলে জানান। অপরদিকে সরকারের সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন টোল আদায়ের চুক্তির মেয়াদ যত দিন থাকবে তত দিন ওই সড়ক সংস্কারের দায়িত্ব ঠিকাদার প্রতিষ্ঠানের।সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের ব্যস্ত রাস্তা এড়িয়ে চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়িগুলো যাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছাতে পারে এ জন্য পোর্ট-লিংক সড়ক নামের সংযোগ-সড়ক তৈরি হয়েছিল।সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট থেকে বন্দর উড়াল সড়ক পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য ১২ কিলোমাটার। তবে সড়কটির বিভিন্ন স্থানে প্রায় এক কিলোমিটার এলাকায় পিচ ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। গর্তে পড়ে ভারী যানবাহন বিকল হওয়ার ঘটনাও ঘটছে। মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা যায়, বন্দর টোল সড়কের সংযোগস্থল থেকে শুরু করে গোল চত্বর পর্যন্ত প্রায় এক কিমি রাস্তা বেহাল দশায় পৌঁছেছে। সড়কের কোথাও ১০ থেকে ২০ ফুট, কোথাও ১০০ থেকে ১৫০ ফুট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বন্দর থেকে আসা পণ্যবাহী গাড়ি এ সড়কে ধীর গতিতে চলতে বাধ্য হয়। একইভাবে খানাখন্দে পড়ে যানবাহন বিকল হওয়ার ঘটনা ঘটছে। এতে মহাসড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রতিদিন বিকেলে বন্দর টোল সড়কের উভয় পাশে ৪০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।টোল আদায়কারী প্রতিষ্ঠান এশিয়ান ট্রাফিক টেকনোলজি (এটিটি) সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে চলাচলকারী ট্রাক-লরি ৫০ টাকা, মাইক্রোবাস ২৫ টাকা, ব্যক্তিগত গাড়ি ১৫ টাকা, সিএনজিচালিত অটোরিকশা ১৫ টাকা ও মোটরসাইকেল থেকে পাঁচ টাকা হারে টোল আদায় করছে সরকার। যানবাহন চালকদের অভিযোগ নিয়মিত টোল আদায় করা হলেও সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেউ নিচ্ছে না। ট্রাকচালক আবদুল হালিম অভিযোগ করে বলেন, বিগত ছয় মাসে টোল সড়ক বেহাল দশায় পৌঁছেছে। প্রতিবার চলাচল করলে টোল দিতে হয় ৫০ টাকা করে। অথচ রাস্তার অবস্থা দেখলে আর এ পথে আসতে ইচ্ছে হয় না। পণ্যবোঝাই গাড়ি গর্তে পড়লে গাড়ি নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট হয়।এ ব্যাপারে এশিয়ান ট্রাফিক টেকনোলজির প্রকল্প ব্যবস্থাপক মো. শাকিল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র ছোটখাটো খানাখন্দ সংস্কার করবে। বড় গর্ত সংস্কার করার কথা সরকারের।’ তিনি জানান, বড় গর্ত সংস্কারের জন্য মাসখানেক আগে সড়ক ও জনপদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে এটিটির পক্ষ থেকে। সড়কটি চলাচল উপযোগী রাখতে যানবাহনের ওজন নিয়ন্ত্রক পরিমাপক বসানো প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, ‘এ সড়কের নিয়মিত তদারকির দায়িত্ব ঠিকাদারী প্রতিষ্ঠানের। তাদের সঙ্গে চুক্তি শেষ হবে চলতি বছরের আগস্ট মাসে। এরপর সরকারের পক্ষ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’