৭০ হাজার মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফের বিভিন্ন স্থানে ২৫ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিদিন জোয়ারের পানি ঢুকছে। পাশাপাশি ভারী বর্ষণে উজান থেকে আসা পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের আঘাতে বেড়িবাঁধে নতুন নতুন ভাঙন দেখা দিচ্ছে। গত ১৫ জুন ভারী বর্ষণের ফলে ২৫ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন ও পাহাড়ধসের ঘটনায় উপজেলায় ৩৪ জন মারা যান। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে বর্তমানে জোয়ারের পানি ঢুকে উপকূলীয় এলাকার শত শত একর চিংড়িঘের, ফসলি জমি, বীজতলা, বিদ্যালয়-মাদ্রাসা, রাস্তাঘাট ও বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ায় সংশ্লিষ্ট এলাকার প্রায় ৭০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, পৌরসভার নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, খাংকার ডেইল, নাজিরপাড়া, মৌলভিপাড়া, চৌধুরীপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, চৌধুরীপাড়া, মগপাড়া, নিলা ইউনিয়নের লেদা, দমদমিয়া, আলী খালী, রঙ্গিখালী, জাদিমুরা, চৌধুরীপাড়া, নাটমোরাপাড়া, কাস্টমসপাড়া, ওয়াব্রাং, মৌলভিবাজার, হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার, মিনা বাজার, কানজরপাড়া, ঝিমংখালী, লম্বা বিল, বাজারপাড়া, কাটাখালী ও উলুবনিয়া এলাকার শত শত একর ফসলি জমি, চিংড়িঘের, রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।নিলা বার্মিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র আব্দুল আমিন ও চতুর্থ শ্রেণীর ছাত্রী খাদিজা বেগম জানায়, সামান্য বৃষ্টি ও জোয়ারের পানিতে বিদ্যালয়ের আশপাশের এলাকা তলিয়ে যায়। প্রতিদিন হাঁটু থেকে কোমরসমান পানি পেরিয়ে বিদ্যালয়ে আসতে হয়। এতে তাদের লেখাপড়ার খুবই ক্ষতি হচ্ছে। বারান্দা ও মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দিন বলেন, ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি বিদ্যালয়ে ঢুকে পড়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। উপজেলা সদর ইউনিয়নের ধুমপেরাং বিলের মাছচাষি মো. ইয়াকুব মিয়া বলেন, কিছু দিন আগে হোয়াইট স্পট ও ইউলো ভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর বিভিন্ন জাতের ১০-১২ লাখ টাকার মাছ মারা গেছে। এরপর দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। মাছগুলো বড় হয়ে বিক্রির আগমুহূর্তে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও জোয়ারের পানি ঢুকে পুরো এলাকা প্লাবিত হয়। এতে পুকুরের মাছগুলোও ভেসে গেছে। একইভাবে খাংকারপাড়া গ্রামের চিংড়িচাষি মো. ইছহাকের ২০ বিঘা চিংড়িঘেরের ৪০-৬০ লাখ টাকার মাছ ভেসে গেছে দাবি করে তিনি বলেন, ‘এখনই পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ ও নষ্ট হয়ে পড়ে থাকা স্লুইসগেটগুলো মেরামত না করলে এ বছর আর চিংড়িচাষ করা সম্ভব হবে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, নাফ নদীসংলগ্ন ভাঙা বেড়িবাঁধ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন স্থানে চিংড়িঘের, বাড়িঘর, রাস্তাঘাট প্রতিনিয়ত পানিতে প্লাবিত হচ্ছে। এতে পুরো উপজেলার বেড়িবাঁধ ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে।যোগাযোগ করলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আবু তালহা বলেন, ‘উপজেলার ৫৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ২৫ কিলোমিটার পাহাড়ি ঢল ও জোয়ারের পানির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’