৭০ হাজারের বেশি রিকশা রাস্তায় থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৬ বছর পর চট্টগ্রাম শহরে রিকশা চলাচল নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আগামী জানুয়ারি থেকে পর্যায়ক্রমে নগরের সব অবৈধ রিকশা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে নতুন ৩৫ হাজার রিকশার অনুমতিপত্র (লাইসেন্স) দেওয়া হবে। ফলে করপোরেশনের ১৫৪ বর্গকিলোমিটার এলাকার মধ্যে অনুমোদিত রিকশার সংখ্যা দাঁড়াবে ৭০ হাজারে। এর আগে করপোরেশন থেকে প্রায় ৩৫ হাজার রিকশার অনুমতিপত্র দেওয়া হয়েছিল।জানা যায়, নগরে তীব্র যানজট পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী জানুয়ারি থেকে রিকশার সংখ্যা সর্বোচ্চ ৭০ হাজারে নামিয়ে আনা হবে। এর বেশি রিকশা চলাচল করতে দেওয়া হবে না। এর মধ্যে ৩৫ হাজার রিকশা সকাল থেকে দুপুর এবং বাকি ৩৫ হাজার বিকেল থেকে রাত পর্যন্ত চলাচল করবে। এই ৭০ হাজারের বেশি নম্বরের কোনো রিকশা রাস্তায় পাওয়া গেলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে বলে জানা গেছে।পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের ধারণা, চট্টগ্রামে বৈধ ও অবৈধ মিলে রিকশার সংখ্যা প্রায় আড়াই লাখ। এ বিপুলসংখ্যক রিকশা চট্টগ্রামে যানজটের অন্যতম কারণ বলে তাঁরা মনে করেন। জানা যায়, সিটি করপোরেশনের নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে—এমন ধারণার কারণে রিকশার সংখ্যা বৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়নি। ফলে গত কয়েক বছরে চট্টগ্রাম শহরের মহাসড়ক থেকে অলিগলি রিকশায় ভরে গেছে। যানজটের পাশাপাশি অনেক সময় তা নাগরিক ভোগান্তির কারণ হিসেবেও দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সিটি করপোরেশনের একাধিক বৈঠকও হয়েছে। শেষ পর্যন্ত রিকশা নিয়ন্ত্রণে আনার জন্য উভয়পক্ষ একমত হয়। সিটি করপোরেশন সূত্র জানায়, রিকশা চলাচল নিয়ন্ত্রণে আনতে গত এক মাসে পুলিশ ও রিকশার মালিকদের সঙ্গে চার বার বৈঠক করেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এসব বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে অবৈধ রিকশা নিয়ন্ত্রণের কাজ শুরু হচ্ছে বলে করপোরেশনের কর্মকর্তারা বলেছেন। মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘নতুন রিকশা নামানোর পর অবৈধ ও পুরোনো রিকশা ক্রমান্বয়ে তুলে ফেলা হবে। রিকশার মালিকেরা বলেছেন, তাঁদের ৩৫ হাজার নতুন গাড়ির অনুমতি দিলে অবৈধ রিকশা আর রাখবেন না। তাঁরা এ প্রস্তাবে সম্মতির কথাও আমাকে জানিয়েছে।’ মেয়র বলেন, নতুন করে রিকশার অনুমতি দেওয়ার পর রাস্তায় আর অবৈধ রিকশা চলতে পারবে না। সিটি করপোরেশনের যানবাহন বিভাগের পরিদর্শকদের পাশাপাশি পুলিশ তা তদারক করবে বলে জানান তিনি।চট্টগ্রাম মহানগর পুলিশের (যানবাহন) উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন নতুন করে রিকশার অনুমতি দেওয়ার পরই অবৈধ রিকশা তুলে দেওয়ার অভিযান শুরু হবে। মূলত সিটি করপোরেশনের কর্মীরাই এ অভিযান চালাবেন। পুলিশ তাদের সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি বলেন, আগামী মধ্য জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হতে পারে। অবৈধ রিকশা উঠিয়ে দিলে চট্টগ্রাম অনেক পরিচ্ছন্ন শহরে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন। সূত্র মতে, নতুন করে অনুমোদনের জন্য করপোরেশনকে রিকশাপ্রতি ৪০ টাকা করে অনুমতিপত্র ফি দিতে হবে। অনুমতিপত্র পাওয়া রিকশাগুলোতে বিনা মূল্যে একটি করে হারিকেন দেবে সিটি করপোরেশন। রাতে এসব হারিকেন রিকশার সঙ্গে জ্বালানো বাধ্যতামূলক করা হবে। জানা যায়, গত ১৬ বছর ধরে চট্টগ্রামে নিয়ন্ত্রণহীনভাবে রিকশার সংখ্যা বেড়েছে। বিভিন্ন সমিতি কিংবা ব্যক্তি উদ্যোগে রিকশা বানিয়ে সেটা রাস্তায় নামানো হয়। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এ মাসের কোনো এক দিন নগরের সব রিকশা একযোগে গণনা করা হবে। রিকশার মোট সংখ্যা জানার পর ওই মালিকদেরই আনুপাতিক হারে নতুন রিকশার অনুমতি দেওয়া হবে। নগরজুড়ে অবৈধ রিকশার প্রসার বন্ধ করতে পুলিশ ও সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে। বর্তমানে রিকশার অনুমোদন দেওয়া না দেওয়া নিয়ে কোনো নীতিমালা না থাকায় পুলিশও অবৈধ রিকশা উচ্ছেদ করতে পারছে না বলে জানা যায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূ-সম্পত্তি কর্মকর্তা (এস্টেট অফিসার) আহমদুল হক বলেন, রিকশার নতুন নিয়ম চালুর পর নগরকে কয়েকটি অংশে ভাগ করে নিয়মিত তদারক কাজ চলবে। সিটি করপোরেশনের যানবাহন শাখার পাঁচজন পরিদর্শক এ দায়িত্বে থাকবেন।