৭১ কেন্দ্রে অনলাইনে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের আট উপজেলার ৭১টি ইউনিয়নে স্থাপিত তথ্যসেবাকেন্দ্রে অনলাইন স্বাস্থ্যসেবা চালু করা হবে। এতে যুক্ত হবে মোবাইল ব্যাংকিং সুবিধাও। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষ ঘরে বসেই ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করতে পারবেন। তৃণমূলের সুবিধাবঞ্চিত গরিব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।নয় ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম খান। জনগণের দোরগোড়ায় ই-সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের অগ্রগতিবিষয়ক ওই মতবিনিময় সভার আয়োজন করে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে ওই সভায় জেলার ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রগুলোর ১৪২ জন উদ্যোক্তা অংশ নেন। জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিবদের মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়ে বলেন, ‘সমন্বয় না থাকলে প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণকে ই-সেবা প্রদান সম্ভব হবে না। এতে প্রকল্পের সফলতা নিয়ে তখন প্রশ্ন দেখা দিতে পারে।’ এ ছাড়া মতবিনিময়ে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীর আবদুল্লাহ মো. তাহের, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম প্রমুখ।