কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশকালে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ৭১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৬ জনকে পুশব্যাক করা হলেও ১৫ জনকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়। বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্র জানায়, ২ ও ৩ ফেব্রুয়ারি টেকনাফ সদর, হোয়াইক্যং ও নিলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিজিবির জওয়ানেরা অনুপ্রবেশকালে ৫৬ জন মিয়ানমারের নাগরিককে আটক করে। এদের মধ্যে নয়জন মহিলা ও সাত শিশু রয়েছে। এদের আবার নিজ নিজ পয়েন্ট দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। ২ ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় পুলিশ ১৫ জনকে আটক করে। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের টাউনশিফের বুছিদং ও শিয়াল্যাপাড়ার বাসিন্দা।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ‘নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশকালে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈদেশিক আইনের মামলা রুজু করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই দিনে ৫৬ জনকে আটক করে পরে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে।