দীঘিনালার তিনটি রেঞ্জের ৭১ হাজার ৩৬২ একর সংরক্ষিত বন অরক্ষিত অবস্থায় রয়েছে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও জুম নিয়ন্ত্রণ বন বিভাগের আওতাধীন নাড়াইছড়ি, মেরুং ও হাজাছড়ায় ২৫ বছরে নতুন গাছ রোপণ করা হয়নি। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ১৯৮৬ সালের পর বন বিভাগের কর্মীরা বনে যেতে পারেননি। নিরাপত্তাজনিত কারণে এই তিন রেঞ্জের কার্যালয় ও দাপ্তরিক কার্যক্রম চলছে উপজেলা সদরের জামতলীতে। এখান থেকে নাড়াইছড়ির দূরত্ব ৭০ কিলোমিটার, মেরুং ও হাজাছড়ার ৩০ কিলোমিটার। বন বিভাগের পাহারা না থাকায় তিন রেঞ্জের গাছ কেটে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে এসব বনে কর্তনযোগ্য (২০ বছর বয়সী) গাছ তেমন নেই বলে জানান বনকর্মীরা। ন্যাড়া অবস্থায় পড়ে রয়েছে বিশাল পাহাড়। বন বিভাগ সূত্রে জানা যায়, হাজাছড়া রেঞ্জটিকে ১৯৯৩ সালে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। এর আগে ১৯৬২-৬৭ সাল পর্যন্ত সময়ে ১০ হাজার ৪৭০ একর পাহাড়ে বাগান করা হয়। এ রেঞ্জের আওতায় তিনটি মৌজায় ১২ হাজার ৩৫০ একর সংরক্ষিত বন রয়েছে। ১৯৮৬ সালে অশান্ত পরিস্থিতির সময় রেঞ্জ কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে বন বিভাগের লোকদের সরিয়ে এনে জামতলীতে কার্যালয় স্থাপন করা হয়। হাজাছড়া রেঞ্জ কর্মকর্তা তুষার কান্তি ঘোষ সংরক্ষিত বন অরক্ষিত থাকার কথা স্বীকার করে বলেন, ‘রেঞ্জের আওতাধীন বনে একটিও কর্তনযোগ্য গাছ নেই। নিরাপত্তার কারণে আমরা বনে যেতে পারি না, পাহারা দেওয়াও সম্ভব হচ্ছে না। বর্তমানে জোত পারমিট দেওয়া ছাড়া রেঞ্জের আর কোনো কাজ নেই বললেই চলে।’ মেরুং রেঞ্জের ফরেস্টার রণজিৎ বাবু বলেন, ‘রেঞ্জের আওতায় সংরক্ষিত বন রয়েছে পাঁচ হাজার একর। এখানকার সব গাছ ১৫ বছর আগেই বনদস্যুরা কেটে নিয়ে গেছে। এখন কর্তনযোগ্য কোনো গাছ নেই। নিরাপত্তার কারণে পাহারা দেওয়া সম্ভব হয় না।’ পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন নাড়াইছড়ি রেঞ্জে সংরক্ষিত বনের পরিমাণ সবচেয়ে বেশি। বাবুছড়া থেকে ভারত সীমান্ত পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় বনের পরিমাণ ৫৪ হাজার ১১২ একর।বনকর্মীরা জানান, নাড়াইছড়ি বন ধ্বংস করা হয়েছে ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে। নয় বছরে মাইনী নদী দিয়ে গাছ কেটে পাচার করা হয়েছে। বন বিভাগের একশ্রেণীর কর্মকর্তা পাচারকাজে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ১৯৯৭ সালে জরুরি অবস্থা জারির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই রেঞ্জের আওতাধীন বনের প্রায় এক লাখ ২০ হাজার ঘনফুট কাঠ জব্দ করে। এসব কাঠের দাম ১২ কোটি টাকা হবে বলে জানান সংশ্লিষ্ট লোকজন। বর্তমানে জব্দ করা কাঠ রেঞ্জ কার্যালয়ের সামনে পড়ে রয়েছে। বন বিভাগ সূত্র জানায়, ১৯৮৫-৮৬ সালে নাড়াইছড়ি সংরক্ষিত বনাঞ্চলে তিন হাজার ৮৬০ একর বাগানের গাছ ছাঁটাই করে নতুন বনায়নে সিএফ কূপ (ক্লিয়ার ফেইলিং কূপ) প্রকল্প নেওয়া হয়। তখন বাগান জরিপের নির্দেশনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা করা সম্ভব হয়নি। এ ব্যাপারে নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা শংকর কুমার করের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, ‘কয়েক বছর আগে বন বিভাগের যোগসাজশে সংরক্ষিত বনের গাছ লুট হয়েছে। নিরাপত্তার সমস্যা থাকলে বন ও পরিবেশ অধিদপ্তরের বিষয়টি ভেবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সংরক্ষিত বন সম্পূর্ণ অরক্ষিত রাখা উচিত হবে না।’