জুরাছড়ি উপজেলা সদরে বিদ্যুৎ–ভোগান্তি অবসানের দাবিতে গত শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির ব্যানারে এ মিছিল সমাবেশ থেকে ৭২ ঘণ্টার মধ্যে জুরাছড়িকে লোডশেডিং–মুক্ত না করলে সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ এবং সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছে।
বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির আহ্বায়ক জাপানি বিজয় চাকমার সভাপতিত্বে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর উপজেলায় বিদ্যুৎ এসেছে। কিন্তু সেই সঙ্গে এসেছে ভোগান্তি। এমন বিদ্যুৎ সংযোগ জুরাছড়িবাসীর প্রত্যাশা ছিল না। বক্তারা অভিযোগ করেন, উপজেলায় দৈনিক ১৫ থেকে ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আর এখন ১৫ দিন ধরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বক্তারা আরও বলেন, বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ জুরাছড়ি উপজেলায় প্রয়োজনীয় জনবল না
দেওয়ায় বিদ্যুৎ গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে। বিলাইছড়ি উপজেলা থেকে যেসব কর্মচারী জুরাছড়ি উপজেলার বিদ্যুৎ বিতরণ নিয়ন্ত্রণ করেন, তাঁরা দুর্নীতিগ্রস্ত। তাঁদের উৎকোচ না দিলে জুরাছড়িতে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।
সমাবেশে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম কমিটির নেতা জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মহারঞ্জন চাকমা, প্রীতিবিন্দু চাকমা প্রমুখ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ সমস্যার বিষয়ে উপজেলার লোকজন মিছিল-সমাবেশ করার বিষয়টি ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে জানানো হয়েছে। আশা করি সমস্যার সমাধান হবে।’
রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী চিহ্লা মং মারমা বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারীর সংকট রয়েছে। সে কারণে পাহাড়ি এলাকায় দ্রুত কাজ করা যায় না। তিনি জানান, জুরাছড়ি উপজেলার বিদ্যুৎ বিতরণের ফিউজড বিলাইছড়িতে। আর বিলাইছড়ি থেকে পাহাড়ের ওপর দিয়ে জুরাছড়িতে বিদ্যুতের লাইন টানা হয়েছে। এখন ওই লাইনের গাছপালা পরিষ্কার করার কাজ চলছে। শিগগির জুরাছড়িতে বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্ভব হবে।