‘স্বপ্ন নিয়ে’ পাতায় এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশিমুসা ইব্রাহীম। আসুন, তাঁর কাছ থেকে জেনে নেওয়া যাক দুঃসাহসিক সে অভিযানের পুঙ্খানুপুঙ্খ বিবরণসেই হোটেলেই আরেকটি কক্ষে দেখা হলো এইচএমআইয়ের প্রিন্সিপ্যাল কর্নেল নিরাজ রানার সঙ্গে। তাঁর নেতৃত্বে ২২ জনের মধ্যে আটজনের একটি দল মাকালু জয় করেছে। তাঁকে অভিনন্দন জানালাম। দেখলাম, তিনি কিছুক্ষণ পরপরই চোখে একটি ওষুধ লাগাচ্ছেন। তুষার-অন্ধত্বে আক্রান্ত হয়েছেন তিনি। নিরাময়যোগ্য এ সমস্যা থেকে চোখ বাঁচাতে তিনি ওষুধ ব্যবহার করছেন।তাঁর সঙ্গে আলাপে বাংলাদেশের পর্বতারোহণচর্চার অনেক বিষয় উঠে এল। নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ (এনএসিবি) থেকে সদস্যরা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে পর্বতারোহণ প্রশিক্ষণের জন্য গেলে তাঁদের যথাসম্ভব সহযোগিতা করার অনুরোধ রাখলাম তাঁর কাছে। তিনিও আশ্বাস দিলেন।এরপর এল অন্নপূর্ণা-৪ অভিযানের প্রসঙ্গ। তিনি আমাদের অভিযানের সময়কাল এবং অর্থ বাঁচানোর পরিকল্পনা শুনে মন্তব্য করলেন, তরুণ তুর্কি, খুবই উচ্চাকাঙ্ক্ষী এক পরিকল্পনা (ইয়ং চ্যাপ, ভেরি হাই অ্যামবিশাস প্লান)। তিনি বললেন, এ সময়ে তোমরা অন্নপূর্ণা-৪ পর্বতে না গিয়ে পরের মৌসুমে যাও। এই টাকাটা এখন ব্যাংকে রেখে আরও অর্থ জোগাড়ের চেষ্টা করো। তারপর পুরো প্রস্তুতি নিয়ে এই অভিযানে নামো। এ পর্যায়ে তাঁকে আমাদের অর্থ সংগ্রহে ‘সংগ্রাম’-এর ইতিহাস বর্ণনা করলাম। শুনে তিনি যেন আকাশ থেকে পড়লেন। তাঁদের মাকালু অভিযানে সরকারের সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করে বললেন, কেন, তোমাদের সরকার সহযোগিতা করছে না? এবার মুখ লুকানোর পালা। মান বাঁচাতে তাঁকে জানালাম, যেহেতু এই স্পোর্টটি বাংলাদেশে একেবারে নতুন, কাজেই সরকারি সহযোগিতা হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে। তিনি ঝানু পর্বতারোহী। সুতরাং আমার বিষয়টি তিনি বুঝতে পেরে মুচকি হাসলেন।অন্নপূর্ণা-৪ পর্বত অভিযান নিয়ে আমাদের অদম্য ইচ্ছার বিষয়টি বুঝতে পেরে কর্নেল নিরাজ রানা সর্বশেষ মন্তব্য করলেন, তোমরা জুনের ১ তারিখে অন্নপূর্ণা-৪ পর্বতাভিযানের অনুমতির জন্য আবেদন করে এখান থেকে ৭৫ শতাংশ অর্থ বাঁচাতে পারবে ঠিকই, কিন্তু মনে রেখো, তোমরা জীবনের ঝুঁকিও বাড়াচ্ছ ৭৫ শতাংশ। তবে তোমাদের জন্য শুভকামনা থাকল।মূলত সবার শুভেচ্ছা আর আমাদের প্রচেষ্টার জন্যই অন্নপূর্ণা-৪ অভিযান আয়োজন করা সম্ভব হয়েছিল।সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে পর্বতারোহণের জন্য প্রায় ২২ জনের সহযোগী দল কাঠমান্ডু থেকে পর্বতারোহী দলের চেয়ে চার দিন আগেই রওনা দেব। তারা আগেই বেস ক্যাম্পে পৌঁছে অন্নপূর্ণা-৪ পর্বতের রুট ফিক্স করবে এবং ক্যাম্প ওয়ান ও ক্যাম্প টু স্থাপন করবে। এ ছাড়া কাঠমান্ডুতে থাকার খরচ বাঁচাতে ট্রেকিং দলকে পর্বতারোহী দলের সঙ্গে না রেখে আগেই বেনি দিয়ে অন্নপূর্ণা ট্রেক করার জন্য পাঠানো হলো। তবে ধ্রুব জ্যোতি ঘোষ একাই শুধু সহযোগী দলের সঙ্গে গিয়ে বেসিসাহার থেকে পুরো সার্কিট ট্রেক করবেন। এ ছাড়া তিনি সহযোগী দলের সঙ্গে অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্তও যাবেন। এদিকে তৌহিদ হোসেন, সারিন প্রকাশ প্রধান আর আমি কাঠমান্ডুতে থেকে ১ জুনে পর্বতারোহণের অনুমতির আবেদন নেপাল ট্যুরিজম বোর্ডে জমা দেব। বোর্ড অনুমোদন দিলে ৩ জুনই আমরা কাঠমান্ডু থেকে রওনা দিয়ে নেমে পড়ব অন্নপূর্ণা ট্রেইলে।পরিকল্পনা অনুসারে, প্রায় ৬০০ কেজি অভিযান সরঞ্জাম বাঁশের ঝুড়ি, ব্যারেল ইত্যাদিতে ভরে একটি বাসে করে সহযোগী দল চলে গেল অন্নপূর্ণা-৪ পর্বতের উদ্দেশে। তাঁবু, রান্নার জন্য গ্যাস সিলিন্ডার, এ কয়দিনের খাবারদাবার, পর্বতারোহণের সরঞ্জাম—সব মিলিয়ে বিশাল লটবহর। তিনজন শেরপার সঙ্গে দুজন রাঁধুনিও গেলেন।তখন শুধু অনুমতির জন্য দিন গুনছি। আর এক ধরনের অস্থিরতা কাজ করছে, কখন অন্নপূর্ণা-৪ অভিযানের জন্য ট্রেইলে নামব—এ নিয়ে। এর মধ্যে কাঠমান্ডুুতে ধর্মঘট ডেকে বসেছে একটি রাজনৈতিক দল। ফলে গাড়িঘোড়া কিছু চলে না। কিন্তু কাঠমান্ডুতে ঢোকার সময় যে ৩০ দিনের ভিসা পেয়েছিলাম, তা বাড়াতে ভিসা অফিসে তো যেতে হবে। কারণ, অন্নপূর্ণা-৪ পর্বতারোহণে ঠিক কত দিন সময় লাগবে, কেউ কোনো আভাস দিতে পারছে না। আমরা নিশ্চিন্ত হতে আরও ৩০ দিনের ভিসার জন্য আবেদন করলাম। কিন্তু থামেল থেকে ভিসা অফিস প্রায় চার কিলোমিটার হাঁটাপথ। ধর্মঘট যেহেতু, কাজেই পায়ের ওপর ভরসা করতে হলো।১ জুন অনুমতির জন্য আবেদন জমা দিয়ে পরদিন যখন অনুমতি নিতে গেলাম নেপাল ট্যুরিজম বোর্ডে। এ সময় লিয়াজোঁ কর্মকর্তা বৈকুণ্ঠের সঙ্গে পরিচয় করিয়ে দিল বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডে এ সময় একটি মিটিং ডাকা হলো। বোর্ডের পরিচালক ও লিয়াজোঁ কর্মকর্তা সাত হাজার মিটারের (অন্নপূর্ণা-৪ পর্বতের উচ্চতা সাত হাজার ২৫ মিটার) অধিক উচ্চতার পর্বতে আরোহণের নিয়মকানুন বুঝিয়ে দিলেন। ঠিক হলো যে পর্বতারোহী দল ৩ জুন কাঠমান্ডু থেকে রওনা দিয়ে অন্নপূর্ণা ট্রেইলে ট্রেক শুরু করবে। আর বৈকুণ্ঠ সাহেব কাঠমান্ডু থেকে হুমড়ে পর্যন্ত প্লেনে করে যাবেন। মূল দল বেস ক্যাম্পে পৌঁছার পরদিনই তিন হুমড়ে থেকে ট্রেকিং করে যোগ দেবেন। তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বোর্ড অফিস থেকে বের হয়ে এলাম, যেন মুক্তির আনন্দ উপভোগ করছি—এমন উৎফুল্ল বোধ করছিলাম। কারণ, যে জন্য কয়েকটা দিন অযথাই কাঠমান্ডুতে কাটাতে হলো, সেই অনুমতি পেয়ে গেছি।পরদিনই মাইক্রোবাসে চেপে কাঠমান্ডু থেকে বেসিসাহার চলে গেলাম, ছয় ঘণ্টায়। বেলা তিনটায় বেসিসাহার থেকে সিয়ানজে নামক একটি জায়গায় আরেকটি জিপে করে পৌঁছালাম। এভাবে দুই দিনের ট্রেকিং পথ আমরা গাড়িতে করেই পার হলাম। তখন সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। এ অবস্থায়ই পিঠে ব্যাগপ্যাক চড়িয়ে রাত কাটাতে চললাম জগৎ নামের একটি গ্রামে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে সাতটা বেজে গেল। সবাই ঘেমে-নেয়ে একাকার। কিন্তু পর্বতের ঠান্ডা পানিতে গোসল করার সাহস কেউ দেখালাম না।[email protected]বাকি অংশ আগামী পর্বে