৭৭ কিলোমিটারে ঝুঁকিপূর্ণ ২৯ বাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং পর্যন্ত ৭৭ কিলোমিটার সড়কে ঝুঁকিপূর্ণ ২৯টি টেক বা বাঁকে—ডানে মোড়, বাঁয়ে মোড় অথবা সামনে আঁকাবাঁকা রাস্তা—এ জাতীয় কোনো সাইনবোর্ড বা সতর্কীকরণ চিহ্ন নেই। ফলে দ্রুতগতির যাত্রীবাহী চেয়ারকোচ অথবা মালবাহী যানবাহন উল্টে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন লোকজন। এতে প্রাণহানির ঘটনাও বাড়ছে। এস আলম চেয়ারকোচ পরিবহনের চালক মোস্তফা কামাল (৪৫) জানান, কক্সবাজার বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাওয়ার সময় মহাসড়কের খরুলিয়া, বাংলাবাজার, রামু, পানিরছড়া, ঈদগাঁও, ফাঁসিয়াখালী, ডুলাহাজরা, চকরিয়া, হারবাংসহ ২৯টি স্থানে টেক (বাঁক) রয়েছে। দূর থেকে এসব টেক খেয়াল করা যায় না। বিশেষ করে বৃষ্টি এবং শীতের ঘন কুয়াশায় বাঁকগুলো অতিক্রম করার সময় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। কক্সবাজারের ট্রাফিক পুলিশ সার্জন কানু বিশ্বাস জানান, নানা কারণে এই মহাসড়কে প্রতি মাসে ৩০ থেকে ৪০টি দুর্ঘটনা ঘটে। এতে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, মহাসড়কের বাঁক বা টেকের পাশে সতর্কীকরণ সাইনবোর্ড না থাকায় দুর্ঘটনা বেশি ঘটছে। সৌদিয়া চেয়ারকোচ পরিবহনের চালক নজরুল ইসলাম (৩১) জানান, মহাসড়কে অসংখ্য বাঁকের পাশাপাশি ৩০টির বেশি অবৈধ হাটবাজার থাকায় এটি গাড়ি চলাচলের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে লিংক রোড, খরুলিয়াবাজার, রামু চৌমুহনী, ঈদগাঁও ও চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকায় সড়কের ওপর অবৈধ হাটবাজার ও জিপ-মাইক্রোবাস দাঁড় করিয়ে রাখার কারণে যানজটের কবলে পড়তে হয়। এতে দূরপাল্লার যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। আর মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানা-খন্দ তো আছেই। কক্সবাজার আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম জানান, এই মহাসড়কে যাত্রীবাহী কয়েক শ দূরপাল্লার বাস ছাড়াও পাঁচ হাজারের বেশি ট্রাক, পিকআপ, মাইক্রো, জিপ, টমটম চলাচল করে। কিন্তু বাঁক বা টেক সম্পর্কে সতর্কীকরণ চিহ্ন বা সাইনবোর্ড না থাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনার কবলে পড়ে প্রতিমাসে গড়ে ২০ জনের মৃত্যু হচ্ছে। এর মধ্যে ৮০ শতাংশ দুর্ঘটনা ঘটছে বাঁক বা টেকে অতিক্রম করার সময়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, ‘এই সড়কের যত বাঁক রয়েছে, তার সবকটিতে সতর্কীকরণ চিহ্ন সংবলিত সাইনবোর্ড লাগানো ছিল। কিন্তু চোরের দল এসব খুলে নিয়ে গেছে। এখন নতুন করে ওই সব বাঁকে সাইনবোর্ড লাগানো হবে। আর মহাসড়কে ভাঙা অংশ মেরামতের কাজ চলছে।’ অবৈধ হাটবাজার উচ্ছেদ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন, গত ২ আগস্ট এই মহাসড়কের চকরিয়া পৌরসভা এলাকার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সড়কের দুই পাশ দখল করে তৈরি করা দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেন। এ সময় শতাধিক দখলদারের বিরুদ্ধে ১১টি মামলাসহ নগদ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে চকরিয়া, কক্সবাজার শহর, উখিয়া ও টেকনাফে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দোকানপাট ও হাটবাজার উচ্ছেদ করা হয়। কিন্তু কয়েক দিন পর আবার এসব হাটবাজার গড়ে তোলা হয়। ফলে সড়ক দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না। টেকনাফ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এহতেশামুল হক জানান, ‘মিয়ানমার থেকে আনা কাঠ, মাছ, আচারসহ অন্যান্য মালামাল বোঝাই ট্রাক ঢাকা, চট্টগ্রাম, সিলেট নিয়ে যাওয়ার সময় মহাসড়কের অসংখ্য বাঁকে আটকে পড়তে হয়। সড়কের বাঁকে অসাবধানতাবশত আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে মাল বোঝাই ট্রাক সড়ক থেকে মাটিতে নামিয়ে দিতে হয়। এতে বহু ট্রাক উল্টে যায়। অন্তত টেকগুলোতে সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো থাকলে এসব দুর্ঘটনা এড়ানো যেত।’