চট্টগ্রাম-টেকনাফ মহাসড়কের ১৫৬ কিলোমিটার
৭৭ বিপজ্জনক বাঁকে সতর্কতার চিহ্ন নেই, ঘটছে দুর্ঘটনা
চট্টগ্রাম-টেকনাফ মহাসড়কের চকরিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১৫৬ কিলোমিটারে বিপজ্জনক বাঁক আছে ৭৭টি। এসব বাঁকের কোনোটিতেই সতর্কতামূলক চিহ্ন নেই। ফলে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। গত দুই মাসে (ডিসেম্বর ও জানুয়ারি) কক্সবাজার অংশে ১৭ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩১ জন। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। নিরাপদ সড়ক চাই (নিসচা) এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ ২ ফেব্রুয়ারি রাতে মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো মাইক্রোবাসের চালক মো. আরিফ, যাত্রী মাফিয়া বেগম ও মো. ইয়ামিন। গুরুতর আহত হয় আরও অন্তত নয়জন। তারা ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসছিল।
১ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিয়াউর রহমান (১৫) নামে এক কিশোর নিহত হয়। তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। এ সময় আরও সাতজন আহত হয়।
চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ রুটের বাস ও মাইক্রোবাস চালকেরা জানান, পর্যটন এলাকা হওয়ায় কক্সবাজারে দেশের বিভিন্ন রুটের গাড়ি আসা-যাওয়া করে। অনেক চালক সড়কের অবস্থা বোঝেন না। বিপজ্জনক বাঁক সম্পর্কেও তাঁদের ধারণা থাকে না। তার ওপর বাঁকে কোনো সতর্কতামূলক চিহ্ন নেই। ফলে দুর্ঘটনার কবলে পড়ছে গাড়ি।
সরেজমিনে ও সংশ্লিষ্ট থানা–পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের চকরিয়ার হারবাং থেকে কক্সবাজার পর্যন্ত ৭৭ কিলোমিটারে বিপজ্জনক বাঁক আছে খরুলিয়া, বাংলাবাজার, রামু, পানিরছড়া, ঈদগাঁও, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ও হারবাং এলাকায়। অন্যদিকে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিপজ্জনক বাঁক রয়েছে লিংক রোড, চাইন্দাবাজার, পানেরছড়া, তুলাবাগান, ধেছুয়াপালং, মরিচ্যাবাজার, কোটবাজার, হিজলিয়াবাজার, উখিয়াবাজার, কুতুপালং, বালুখালী, পানবাজার, থাইংখালী, পালংখালীবাজার, কাঞ্জরপাড়া, উলুবনিয়া, হোয়াইক্যং, মিনাবাজার, নয়াবাজার, মৌলভীবাজার, নিলাবাজার, দরগাহবাজার, খারাংখালী, লেদাবাজার, দমদমিয়া, জাদিমুরাবাজার, কেরনতলী ও নাইট্যংপাড়া বাজারে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার তথ্যমতে, ২০১০ সালের ২০ অক্টোবর থেকে ২০১৬ সালের ২১ অক্টোবর পর্যন্ত ছয় বছরে জেলায় ছোট-বড় মিলে ১ হাজার ৯৬৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭৬ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ হাজার ৯৫ জন। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের পাশাপাশি সেনাসদস্য, ব্যাংক কর্মকর্তা, স্কুলশিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মন্ত্রিপুত্র এবং ব্যবসায়ী রয়েছেন।
কক্সবাজার সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, বিপজ্জনক বাঁকের কারণে নিরাপদে যানবাহন চালাতে পারেন না চালকেরা। কিছু বাঁক এমন, আরেক পাশের গাড়ি আসছে কি না বোঝায় যায় না। ফলে বাইরের রুটের চালকেরা এলে তাঁরা দুর্ঘটনায় পড়েন বেশি। এ ছাড়া কিছু চালকের বেপরোয়া গতি তো আছেই।
কক্সবাজার আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম বলেন, এই সড়কে যাত্রীবাহী শতাধিক বাস ছাড়াও পাঁচ হাজারের বেশি ট্রাক, পিকআপ, মাইক্রো, জিপ, টমটম চলাচল করে। এর মধ্যে সড়কে চলাচলের অনুমতি রয়েছে শতাধিক বাস– ট্রাকের। অবশিষ্ট যানবাহন চলাচল করে অবৈধভাবে। এসব গাড়ি চালায় অদক্ষ ও আনাড়ি চালকেরা। ফলে দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। এ ছাড়া লবণ পরিবহনের সময় পড়া পানিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ছে।
জানতে চাইলে সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, সড়কের বিভিন্ন বাঁকে দিক চিহ্নিত ফলক লাগানো হলেও অনেকে তুলে নিয়ে যাচ্ছে। এ ছাড়া সড়কের খানাখন্দ দ্রুত সংস্কার করা হচ্ছে।
নিসচার কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম উদ্দীন বলেন, পর্যটন এলাকা হওয়ায় কক্সবাজারে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে। তাই সচেতনতা বাড়ানো দরকার।
দুর্ঘটনার কারণ হিসেবে নিসচার কর্মকর্তারা জানান, অদক্ষ চালক, অতিরিক্ত যাত্রী পরিবহন, গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল না মানা, ওভারটেকের প্রবণতা ও সড়কের ওপর অবৈধ হাটবাজার।