১৯২৭ সালে কালীতারা দেবী নামের একজন শিক্ষা অনুরাগী নারী মাত্র আটজন শিক্ষার্থী নিয়ে শুরু করেছিলেন অপর্ণাচরণ বিদ্যালয়। কালের পরিক্রমায় চারা গাছ থেকে যেন বৃক্ষে পরিণত হয়েছে এই বিদ্যালয়। প্রাতঃ ও দিবা বিভাগ মিলিয়ে এই প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা এখন এক হাজার ৮৫০ জনের মতো। সিটি করপোরেশনের আওতাধীন এই বিদ্যালয়টি এক দশক ধরে এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে।
অধ্যাপিকা সালমা খান, নাজমা সিদ্দিকী, সাহিত্যিক ফাহমিদা খানম, জয়নব বেগম, হামিদা খানমসহ অসংখ্য কৃতী শিক্ষার্থী উপহার দিয়েছে বিদ্যালয়টি। এ প্রজন্মের অনেকেই এই কীর্তিমান নারীদের কথা শোনেননি। তবে জাতীয় পর্যায়ে নৃত্যে পুরস্কারপ্রাপ্ত জয়ন্তী বণিক, ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ, চৈতী মুৎসুদ্দি, মার্কস অলরাউন্ডার খ্যাত তানহা রহমানকে নতুন করে পরিচিত করানোর প্রয়োজন পড়বে না। নবীন এই তারকারাও অপর্ণাচরণের ছাত্রী।
তবে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের গর্ব করার মতো আরও একটা বিষয় আছে। ১৯৩২ সালে এখানকার প্রধান শিক্ষিকা হিসেবে যোগ দেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী বীরকন্য প্রীতিলতা ওয়াদ্দেদার। মাত্র আটজন ছাত্রী নিয়ে যে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল, কোনো জাদুমন্ত্রের বলে সেটি নগরের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত হয়নি। শুরুটা করেছিলেন কালীতারা দেবী। নগরের নন্দনকানন এলাকায় ছোট্ট একটি টিনের ঘরে বিদ্যালয়ের পথ চলা শুরু। এরপর ম্যাজিস্ট্রেট রায় অপর্ণাচরণ দে এগিয়ে এলেন বিদ্যালয়ের সাহায্যে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী তাঁর একটি লেখায় বিদ্যালয়টি প্রতিষ্ঠার ইতিবৃত্ত তুলে ধরতে গিয়ে লেখেন, ‘কালীতারা দেবী নামে এক বিধবা মহিলা নিজ বৈঠকখানায় আটজন ছাত্রী নিয়ে বিদ্যালয়ের যাত্রা শুরু করেন। জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের সংখ্যা দ্রুত বাড়তে লাগল। মহৎ প্রাণের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিদ্যালয় সম্প্রসারণের কাজে হাত দিলেন। ধনাঢ্য ম্যাজিস্ট্রেট রায় অপর্ণাচরণ দে বিদ্যালয়টি নিজ নামকরণের শর্তে অর্থ সাহায্যে এগিয়ে আসেন। দ্রুত গড়ে উঠল অপর্ণাচরণ বালিকা উচ্চবিদ্যালয়।’
কালীতারা দেবীর নন্দনকাননের বৈঠকখানা থেকে জুবিলি সড়কের আমতলের দ্বিতল ভবনে বিদ্যালয়টির স্থানান্তরিত হওয়ার ইতিহাসও বেশ পুরোনো। এই ভবনে প্রাতঃ ও দিবা এই দুই পালায় চলছে চতুর্থ থেকে মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান। প্রতি শ্রেণীতে আছে দুটো করে বিভাগ। দুই পালার শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৮৫০ জন।
আমতলের ব্যস্ত সড়কের ঠিক পাশেই অপর্ণাচরণের মূল ফটক। ফটক দিয়ে ঢুকলে পাশাপাশি দুটি বিদ্যালয়। এর একটি অপর্ণাচরণ অপরটি কৃষ্ণকুমারী। সম্প্রতি বিদ্যালয়ে গেলে কথা হয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে। কীভাবে আজকের অবস্থানে এল বিদ্যালয়টি? এমন প্রশ্নের উত্তরে শিক্ষিকা গীতা চৌধুরী জানান, মূলত প্রণতি সেনের মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের কারণে এই অর্জন সম্ভব হয়েছে। ১৯৪৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন তিনি। তাঁর সময়কালেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। এরপর ১৯৯৭ সালে বিদ্যালয়টি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়। অপর্ণাচরণ বিদ্যালয়ের ভবন আরও বিস্তৃত করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন। ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক চালুর আশা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রাস্তার পাশেই বিদ্যালয়। বখাটেদের উৎপাত হয় কি? এমন প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষিকা মমতা বেগম বলেন, ‘আমাদের মেয়েরা প্রীতিলতার উত্তরসূরি। বেশ কয়েকবার বখাটেদের ধরে পুলিশে সোপর্দ করেছে মেয়েরা। তা ছাড়া কর্তব্যরত পুলিশসদস্যরাও এ ব্যাপারে সজাগ থাকেন।’