৮ পদের ৬টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গুরুত্বপূর্ণ আটটি পদের মধ্যে ছয়টিই শূন্য থাকায় দুজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে দিয়ে চলছে প্রশাসনিক কর্মকাণ্ড। প্রধান শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম গত ৩১ ডিসেম্বর বদলি হওয়ায় বিদ্যালয় পরিদর্শনসহ প্রশাসনিক কাজ থমকে গেছে। শূন্য পদগুলো হচ্ছে—শিক্ষা কর্মকর্তা একটি, সহকারী শিক্ষা কর্মকর্তা একটি, উচ্চমান সহকারী (কাম) হিসাররক্ষক একটি, নিম্নমান সহকারী দুটি ও চতুর্থ শ্রেণীর (এমএলএসএস) একটি পদসহ মোট ছয়টি পদ শূন্য থাকায় উপজেলার ৬১টি সরকারি, নয়টি বেসরকারি ও সাতটি রেজিস্ট্রার্ড বিদ্যালয়ের মোট ৩৬১ জন শিক্ষকের ২০০৬ সালের উচ্চতর বেতন স্কেল ও ২০০৯ সালের জাতীয় বেতন স্কেল ও বকেয়া বিল তৈরি, বিদ্যালয় পরিদর্শন, বেতন-ভাতা ওঠানো, বদলির আবেদন, মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য ছুটি মঞ্জুর, অগ্রিম বেতন, পরীক্ষার অনুমতি, টাইম স্কেল বকেয়া বিল তৈরি, ভবিষ্য তহবিল থেকে অগ্রিম বেতন ওঠানো, অনুপস্থিতির ছুটি মঞ্জুর, ছাড়পত্র ও শেষ বেতনের প্রত্যয়ন সার্ভিস বুক প্রেরণসহ নানা জরুরি কাজে শিক্ষকেরা হয়রানির স্বীকার হচ্ছেন। জরুরি ভিত্তিতে পদগুলো পূরণ না হলে ৭৭টি সরকারি-বেসরকারি ও রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের কাজ থেমে যাচ্ছে বলে দুঃখ প্রকাশ করছেন শিক্ষকেরা। কার্যালয়ে দেখা গেছে, দারোগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন একজন শিক্ষকের কাগজপত্র তৈরি করছেন। তিনি বলেন, ‘কার্যালয়ে কেরানির অভাবে শিক্ষকেরা হয়রানির শিকার হচ্ছেন, তাই মাঝেমধ্যে কার্যালয়ে সময় দিচ্ছি।’ছাগলনাইয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘কার্যালয়ে জরুরি কাজ নিয়ে গেলে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়, কেরানি নেই, কাজগুলো করেন কে?’ সহকারী শিক্ষা কর্মকর্তা জিতেন্দ্র কুমার বলেন, ‘কার্যালয়ে আমিসহ মোট দুজন সহকারী কর্মকর্তা আছি, তা ছাড়া কেরানি নেই, ৭৭টি বিদ্যালয়ের কাজ চলবে কী করে!’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বলেন, পদগুলো পূরণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, সাড়া পেলেই এ সমস্যা কাটিয়ে ওঠা যাবে।