৮ হাজার হেক্টরে বোরো চাষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় প্রায় আট হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। পানির অভাবে এসব জমি অনাবাদি থেকে যাচ্ছে। খাল ও নদী শুকিয়ে যাওয়ায় সেচযন্ত্র বসিয়েও লাভ হচ্ছে না।উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইলিয়াছ জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলজুড়ে ১৭টি বিল রয়েছে। এসব বিলের সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে প্রতিবছর আমন চাষ হয়। বোরো মৌসুমে চাষ হয় মাত্র আট হাজার ৬৫০ হেক্টর জমিতে। শুধু পানির অভাবে আট হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষ হয় না। চলতি শুষ্ক মৌসুমের শুরুতে স্থানীয় সব খাল ও নদী শুকিয়ে গেছে। ফলে সেচযন্ত্র বসিয়েও পানি দেওয়া সম্ভব হচ্ছে না। আবার কোনো কোনো বিলের আশপাশে খাল বা নদী না থাকায় জমিগুলো সেচ প্রকল্পের বাইরে রয়ে গেছে। পোমরা ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল আলম জানান, পোমরা তালুকদারপাড়া বিলের ৭০০ হেক্টর চাষযোগ্য জমিতে এবারও বোরো চাষ হচ্ছে না। কারণ বিলের আশপাশে খাল, নদী কিছুই নেই। বর্ষার পানি দিয়ে বছরে শুধু একবার আমন চাষ হয় এখানে। নারিশ্চা বিলের কৃষক মতিন রহমান (৪৭) জানান, দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া নারিশ্চা বিলে প্রায় আড়াই হাজার হেক্টর এবং উদলবুনিয়া বিলে ২৬১ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। বিল দুটির পাশে খাল, নদী কিছুই নেই। গভীর নলকূপ স্থাপন করে দিলে এসব বিলে বোরো চাষ হতো। কোদালা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, সেচসুবিধা না থাকায় কোদালা বিলের প্রায় ৭৮০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। অথচ এর পাশেই রয়েছে কর্ণফুলী নদী। সেচযন্ত্র বসিয়ে পানি সরবরাহ করলে কৃষকেরা বোরো চাষ করতে পারতেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, কর্ণফুলী নদী থেকে সেচ দেওয়ার ব্যবস্থা করলে সরফভাটা পোড়ামুড়া বিলের ৪৫০ হেক্টর ও বেতাগি বিলের ৪৯০ হেক্টর জমিতে বোরো চাষ করা সম্ভব হতো। পানির অভাবে শিলক রাজাপাড়া বিলে ৪১০ হেক্টর, বগাবিলি বিলে ৬০০ হেক্টর, রইস্যা বিলে ৩৫৬ হেক্টর, রাইখালি ডংনালা বিলে ১১১ হেক্টর, মগাইছড়ি বিলে ১২৩ হেক্টর, নলুয়া বিলে ২৮৫ হেক্টর, হাজারি বিলে ১০৫ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। এসব বিল ঘিরে রয়েছে ইছামতি নদী। নদীর তলদেশ খনন করে পানি ধারণের ব্যবস্থা করলে বিলে বোরো চাষ সম্ভব হতো। এ ছাড়া নিচিন্তাপুর বিলের ৩৫০ হেক্টর, ছনখোলা বিলের ১৫০ হেক্টর, গজালিয়া বিলের ২৭০ হেক্টর, গোসাইল্যা বিলের ১৯৪ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। এসব বিলের আশপাশে সেচ দেওয়ার ব্যবস্থা গড়ে ওঠেনি।উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন জানান, সেচের আওতায় আনা গেলে আট হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষ সম্ভব হতো। প্রতি হেক্টর জমিতে সাত দশমিক পাঁচ মেট্রিকটন হিসেবে ৭০ হাজার ৮০০ মেট্রিকটন ধান উত্পাদিত হতো। যার বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকারও বেশি। ঘাগড়া, কুরমাই, মুন্দরি, ত্রিপুরা সুন্দরি খাল, রইস্যাবিলি, গোচরা, গুনগুনিয়া, কাটাখালি মহাফেজ ও হাশেম খাল, সিলফলিয়া ছড়া খনন করলে সব বিলের অনাবাদি জমি সেচের আওতায় আসবে। ইছামতি ও শিলক খাল খনন করে পানি ধারণের ব্যবস্থা করলে এসব বিলের উঁচু জমিতেও সেচ দেওয়া যাবে। এতে এক মৌসুমে উত্পাদিত বোরো ধানের আয়ের এক-তৃতীয়াংশ অর্থও ব্যয় হবে না বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন।