৮০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ভ্যান বিতরণ

চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৮০ জন অসচ্ছল ব্যক্তির মাঝে ৮০টি রিকশাভ্যান বিতরণ করা হয়। ৩০ আগস্ট বেলা ১১টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
সংগঠনের সভাপতি লায়লা সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। অতিথি ছিলেন ওয়াসিকা আয়েশা খান এমপি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সমিতির সদ্যবিদায়ী সভাপতি রেজাউল হক চৌধুরী, সাবেক সভাপতি আজিজুল হক চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম খান ও সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ।
মোশাররফ হোসেন বলেন, ‘চট্টগ্রাম সমিতি ঢাকায় একটি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য গত কয়েক বছর ধরে চেষ্টা চালাচ্ছে। সমিতি ইতিপূর্বে জায়গা চেয়ে আবেদনও করেছে রাজউকে। আমি চট্টগ্রাম সমিতির দাবির পরিপ্রেক্ষিতে পূর্বাচলে জমি বরাদ্দ দেওয়ার ঘোষণা করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, জিনবোধি ভিক্ষু, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, ডেইলি স্টর–এর চট্টগ্রাম ব্যুরোর প্রধান রইসুল হক বাহার, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বালাগাত উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে মো. গিয়াস উদ্দিন খান চট্টগ্রামের উন্নয়নে সমিতির ১০ দফা দাবি উত্থাপন করেন। বিজ্ঞপ্তি।