চট্টগ্রামের এবিসি (আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া) আঞ্চলিক সড়কের দুই পাশে ৮০ জন দখলদারকে নোটিশ দিয়েই চুপ করে আছে কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। উচ্ছেদে কোনো তৎপরতা নেই। গত ২৫ ফেব্রুয়ারি সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে সওজ দখলদারদের উচ্ছেদ নোটিশ দেয়।
গত ১৮ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়কের দুই পাশে হাজারো অবৈধ স্থাপনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর ১০ দিন পর সওজ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৮০ দখলদারকে নোটিশ দিয়ে আসেন।
এবিসি সড়কের পেকুয়া উপজেলার চৌমুহনী, টৈটং বাজার, হাজি বাজার ও ধনিয়া কাটা স্টেশন ঘুরে দেখা গেছে, অবস্থা আগের মতোই। সড়কের পাশে স্থাপিত শত শত অবৈধ দোকানপাটে কেনাকাটা চলছে। এই এলাকাগুলো ছাড়াও সড়কের চকরিয়া অংশসহ ১৮ কিলোমিটারে তিন শতাধিক ব্যক্তি জমি দখল করে দুই হাজারের বেশি অবৈধ দোকানপাট, ঘরবাড়ি ও বহুতল ভবন তৈরি করেছে।
হাজি বাজারের বাসিন্দা ও সড়কের পাশের দোকানের মালিক মোহাম্মদ আলী জানান, সড়ক নির্মাণের সময় তাঁর ৪০ শতক জমি অধিগ্রহণ করা হলেও তিনি ক্ষতিপূরণের ৬৩ হাজার ৬৮৯ টাকা এখনো বুঝে পাননি। তাই তিনি জমির দখল ছাড়ছেন না।
টৈটং বাজারের বাসিন্দা শফিউল আহছান চৌধুরী জানান, তাঁর জমিসহ দোকানের ক্ষতিপূরণ বাবদ ছয় লাখ টাকা পাওয়ার কথা। কিন্তু তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার টাকা।
সওজ সূত্র জানায়, ২০০২-২০০৩ অর্থবছরে সরকার এবিসি আঞ্চলিক সড়কের পেকুয়ার টৈটং বাজার থেকে চকরিয়ার ইদমনি স্টেশন পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের জন্য ছয় কোটি টাকায় জমি অধিগ্রহণ করে। মূল সড়কের জন্য ১৮ ফুট এবং সড়কের দুই পাশে ৬২ ফুট করে জমি অধিগ্রহণ করা হলেও সীমানা খঁুটি না দেওয়ায় তা কয়েক বছরের মাথায় বেদখল হয়ে যায়।
এ সত্যতা নিশ্চিত করে সওজ চকরিয়ার উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ শহিদুল আলম জানান, সওজের হুকুমদখলীয় জমির দখলদার হিসেবে ৮০ ব্যক্তির বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি সাত দিনের মধ্যে নিজের উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ পাঠানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাত দিনের নোটিশ দেড় মাসেও কার্যকর হচ্ছে না কেন জানতে চাইলে শহিদুল আলম বলেন, ‘অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার লাগে। আমাদের হাতে তো আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। তাই ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসন ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে চিঠি দিয়েছি। সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেট নিয়ে উচ্ছেদ অভিযান চালাব।’
এ প্রসঙ্গে জানতে চাইলে পেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান জানান, দখল উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট চেয়ে সওজ থেকে তাঁকে কোনো চিঠি দেওয়া হয়নি।
ইউএন চিঠি না পাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে সওজ প্রকৌশলী মুহাম্মদ শহিদুল আলম জানান, ‘ডাকযোগে চিঠিটি পাঠানো হয়েছিল। এ কারণে সম্ভবত দেরি হচ্ছে।’