৮০ শতাংশ বহুতল ভবনে অগ্নিনির্বাপণব্যবস্থা অপ্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের প্রায় ৮০ শতাংশ বহুতল ভবনে আগুন প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা এবং নির্গমনের জরুরি পথ নেই। এই সুবিধা নেই ৩০ শতাংশ শিল্পকারখানায়ও। বহুতল ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে অনুমোদন নেওয়ার সময় অগ্নিনির্বাপণ ও জরুরি নির্গমন পথ দেখানো হলেও বাস্তবে অনেক ভবনেই তা করা হচ্ছে না বলে অভিযোগ আছে। প্রতিটি ভবন নির্মাণ শেষে ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য অনুমতিপত্র (লাইসেন্স) নেওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু সেটাও বেশির ভাগ ভবনের ক্ষেত্রে মানা হয় না বলে জানা যায়। ফলে এসব ভবনে আগুন লাগলে প্রাণহানি ছাড়াও ব্যাপক সম্পদহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট লোকজন।সূত্র মতে, নগরের বিভিন্ন অঞ্চলকে সাত ভাগ করে ফায়ার সার্ভিসের সাতজন পরিদর্শক বিভিন্ন সময়ে বহুতল ভবন ও বাণিজ্যিক ভবন ঘুরে দেখেন। তাঁরা দাপ্তরিকভাবে যে প্রতিবেদন দিয়েছেন তাতে দেখা যায়, বহুতল ভবনগুলোর মধ্যে ৭৮-৮০ শতাংশেই আগুন নেভানোর পর্যাপ্ত সুবিধা নেই। কোনো ভবন কিছু অগ্নিনির্বাপক যন্ত্র ঝুলিয়ে রেখেই দায়িত্ব শেষ করেছে। এসবের রাসায়নিক পদার্থ মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও তা পরিবর্তন করা হয় না। অনেক ভবনে জরুরি নিগর্মন পথ রাখা হলেও সে পথ দিয়ে আগুন লাগার পর জরুরি নির্গমন তো দূরের কথা, স্বাভাবিক অবস্থায় প্রস্থান করা দুঃসাধ্য। ফায়ার সার্ভিস পরিদর্শকদের প্রতিবেদনে এই চিত্র উঠে আসে। তাদের প্রতিবেদনে নগরের ২৫-৩০ শতাংশ শিল্পকারখানায় অপ্রতুল অগ্নিনির্বাপণব্যবস্থা থাকার কথা বলা হয়েছে। অগ্নিকাণ্ড থেকে প্রাণ ও সম্পদহানি রোধে ফায়ার সার্ভিস প্রতিটি বহুতল ভবনকে ৩০টি শর্ত পূরণের বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—সাধারণ সিঁড়িপথের ব্যবস্থা, জরুরি নিগর্মন পথ, ১০ হাজার গ্যালন পানি ধারণক্ষমতার ছাদের ওপরের ট্যাংক (ওভারহেড ট্যাংকি), ২০ হাজার গ্যালন পানি ধারণক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ জলাধার, গ্যাসমাস্ক, হ্যান্ড গ্লোভ, ড্রাই পাউডার, ফায়ার স্মোক ডিটেকটর, অগ্নিনির্বাপনী প্লাটফর্ম ও অগ্নিনিরোধক কাপড় প্রভৃতির যথাযথ মজুদ। কিন্তু নগরের আগ্রাবাদ, হালিশহর, লালখান বাজার, খুলশি, পাহাড়তলী, জামাল খান, জিইসি মোড়, বায়েজিদ বোস্তামি প্রভৃতি এলাকায় ঘুরে দেখা যায়, বেশির ভাগ আবাসিক ও বাণিজ্যিক ভবনে ফায়ার সার্ভিসের এসব শর্ত মানা হচ্ছে না। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও বহুতল ভবনের মালিকেরা পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে নির্লিপ্ত থাকছেন। এ কারণে আমরা অভিযান চালিয়ে এসব ভবন থেকে জরিমানা আদায় শুরু করেছি।’ জানা যায়, গত বছরের মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে ফায়ার সার্ভিসের অভিযানে অগ্নিকাণ্ড প্রতিরোধের বিভিন্ন শর্ত পূরণ না করার দায়ে ২৫ প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত বছরের নভেম্বর মাস পর্যন্ত অনুমতিপত্র (ফায়ার লাইসেন্স) নিয়েছে ছয় হাজার ৩২২টি শিল্পপ্রতিষ্ঠান। এর মধ্যে নবায়ন করেছে চার হাজার ৩৬২টি। বাকি এক হাজার ৯৬০টি প্রতিষ্ঠানের অনুমতিপত্র এখনো নবায়িত হয়নি বলে জানা গেছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য প্রকৌশল বিভাগের প্রধান রবিউল ইসলাম বলেন, ‘একটি ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসের শর্তসহ অপরাপর সব নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা জরুরি। তিনি বলেন, ‘আগুনের ভয়াবহতায় একটি ভবনের ভিত নড়বড়ে হয়ে যেতে পারে। আর এর ফলে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। তাই এসব বিষয়ে অবহেলার কোনো সুযোগ নেই।’সূত্রে জানা যায়, আগুন প্রতিরোধের সব শর্ত পূরণ সাপেক্ষে ফায়ার সার্ভিস আবাসিক, বহুতল ভবনের ক্ষেত্রে ছাড়পত্র এবং শিল্পকারখানা, দোকানপাটের ক্ষেত্রে অনুমতিপত্র দেওয়ার বিধান রয়েছে। বহুতল ভবনের মালিককে প্রথমে শর্ত পূরণের নিশ্চয়তা দিয়ে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হয়। পরে সেগুলো বাস্তবায়িত হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের দপ্তর থেকে ছাড়পত্র দেওয়া হয়। শিল্পকারখানার অনুমতিপত্র দেন ফায়ার সার্ভিসের উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ‘বড় ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য নিজেদের স্বার্থে সবাইকে অগ্নিপ্রতিরোধব্যবস্থা জোরদার করা দরকার। এ ক্ষেত্রে সিডিএ ভবন তৈরির পরিকল্পনা অনুমোদন এবং করপোরেশন ব্যবসায়িক অনুমতিপত্র (ট্রেড লাইসেন্স) দেওয়ার ক্ষেত্রে যদি ফায়ার সার্ভিসের ছাড়পত্র, অনুমতিপত্র থাকার শর্তগুলো অপরিহার্য করে দেয় তাহলেও পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।’ সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ‘আমাদের নীতিমালায় ফায়ারের শর্ত পূরণের বিষয়টি তুলে ধরা হয়। তবে মনে করি, এ ব্যাপারে জনগণকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা দরকার। তা না হলে শুধু বিধিবিধান দিয়ে কাজ হবে না। আর এ ক্ষেত্রে পত্রপত্রিকায় প্রচারণা চালিয়ে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।’ এ ছাড়া এ ব্যাপারে সিডিএর নিয়মিত তদারকির (মনিটরিং) বিষয়টিও তিনি স্বীকার করেন।জানা যায়, যেসব বহুতল প্রতিষ্ঠানে বাণিজ্যিক-কার্যক্রম চলে সেগুলোর ক্ষেত্রে সিটি করপোরেশন থেকে অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক। এ ধরনের অনুমতিপত্র নেওয়ার সময় ফায়ার সার্ভিসের অনুমতিপত্র গ্রহণও বাধ্যতামূলক করা হলে ভবন মালিকেরা নিজ নিজ ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী হবেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মনে করেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের লাইসেন্স কর্মকর্তা দবির উদ্দিন আহমেদ বলেন, ‘আমি একটি শাখার দায়িত্ব পালন করছি মাত্র। এটা করপোরেশনের নীতিনির্ধারকমহলের সিদ্ধান্তের ব্যাপার। তাঁরা যদি ভালো মনে করেন তাহলে ট্রেড লাইসেন্স দেওয়ার বিধানে পরিবর্তন আনবেন।’আগুনের হিসাব: ফায়ার সার্ভিস সূত্র মতে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২ মাসে ৬৫১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয় ৩০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকার মতো। এ সময়ে আগুনে পুড়ে মারা যায় ১৮ জন। আগুন প্রতিরোধে সাবধানতা  অসাবধানতা অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুন ব্যবহারে সাবধান হোন। ছোট ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার ও সংযোগ পরিহার করুন।  আগুন যতই ছোট হোক ফায়ার সার্ভিসকে খবর দিন। রাস্তার মোড়, মার্কেটের গলিপথ উন্মুক্ত রাখুন। ফায়ার সার্ভিসের গাড়ি আসার পথে সাহায্য করুন। গ্যাসের চুলার ওপর কাপড় শুকাতে দেবেন না। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।  পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন অথবা ভেজা মোটা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না। তাহলে আগুন ছড়িয়ে যাবে।