দীর্ঘ ২১ বছরেও সংস্কার হয়নি কক্সবাজারের মহেশখালীর ৮২টি আশ্রয়কেন্দ্রের। উপজেলার অধিকাংশ আশ্রয়কেন্দ্রই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঝড়, জলোচ্ছ্বাসের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে আশ্রয়কেন্দ্রগুলো ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে মহেশখালী উপজেলার প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে। সেই সময় উপজেলায় কোনো আশ্রয়কেন্দ্র ছিল না।১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার অর্থায়নে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ৮২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এসব আশ্রয়কেন্দ্র স্থাপনের পর থেকে কোনো রক্ষণাবেক্ষণ এবং সংস্কার হয়নি। বর্তমানে ৮২টির মধ্যে ৪৬টি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে দ্বীপের সাড়ে তিন লাখ মানুষ দুর্যোগের ঝুঁকির মধ্যে বসবাস করছে।সরেজমিনে বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে এর সত্যতা মিলেছে। ধলঘাটা ইউনিয়নের ১৪টি আশ্রয়কেন্দ্রের মধ্যে বেশির ভাগই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব আশ্রয়কেন্দ্রের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। বাকি ইউনিয়নগুলোতে অবস্থিত আশ্রয়কেন্দ্রের অবস্থাও একই রকম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার বলেন, আশ্রয়কেন্দ্রগুলো অনেক দিন ধরে সংস্কার করা হয়নি। এ কারণে অনেক আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি আরও বলেন, সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে অনেকবার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে আবেদন করেও কোনো কাজ হয়নি।