কক্সবাজারের চকরিয়া পৌরসভায় ৮২ লাখ টাকার কর অনাদায়ি রয়েছে। বিপণিকেন্দ্র, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনার মালিক এবং সরকারি দপ্তর নিয়মিত কর পরিশোধ করছে না। এভাবে বিপুল অঙ্কের কর বকেয়া থাকায় পৌর এলাকার উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। পৌরসভা সূত্র জানায়, সাধারণ লোকজন নিয়মিত পৌরকর পরিশোধ করলেও অবস্থাসম্পন্ন ব্যক্তিরা কর পরিশোধে গড়িমসি করেন। এসব বকেয়া কর আদায়ে পৌর কর্তৃপক্ষ শিগগিরই আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানা গেছে।চকরিয়া পৌরসভার সচিব নূর মোহাম্মদ চৌধুরী জানান, পৌর কর্তৃপক্ষ বাড়িঘর, দোকানপাট, বিপণিকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনার জন্য নিয়ম অনুযায়ী কর নির্ধারণ করে। বর্তমানে পৌর এলাকায় ১০ হাজার ৭৯৬ জন করদাতার মধ্যে শুধু ৯০ জনের কাছেই ৭০ লাখ টাকার কর বকেয়া রয়েছে। এর মধ্যে কয়েকটি সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। পৌরসভার কর শাখার পরিদর্শক জহুর মাওলা জানান, ২০০৬-০৭ সালে পৌর এলাকার ১০ হাজার ৭৯৬ জনের নামে কর বসানো হয়। প্রথম থেকেই অধিকাংশ সাধারণ মানুষ নিয়মিত পৌরকর পরিশোধ করে আসছে। কিন্তু কিছু সরকারি প্রতিষ্ঠান ও কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি কর দিতে গড়িমসি করেন। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে ব্যক্তি খাতে অনেকের বকেয়া করের পরিমাণ লাখ টাকা ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি—১৬ লাখ ৮৪ হাজার ২৩০ টাকা বকেয়া রয়েছে থানা রাস্তার মাথার আনকা ভবনের মালিক আবুল ফয়েজ ও আবু ছিদ্দিকের কাছে। এর পরই ১২ লাখ দুই হাজার ২০ টাকা বকেয়া রয়েছে সেন্ট্রাল হাসপাতাল মার্কেটে। তৃতীয় স্থানে রয়েছেন সাবেক চেয়ারম্যান আবুল হাশেম—তিন লাখ ২৬ হাজার ৩৭৫ টাকা। এ ছাড়া, এক থেকে দুই লাখ টাকার বেশি অনাদায়ির তালিকায় রয়েছে শাহাব উদ্দিন, চিরিংগা ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি, মো. বশিরুল আলম, আনোয়ার হোসেন, আমিনুর রশিদ ও হাজারিকা বোর্ডিংয়ের নাম। কর পরিশোধ না করা প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, ‘আমি বছর দুয়েক দেশের বাইরে থাকায় কর পরিশোধ করা হয়নি। এসে দেখি বকেয়ার পরিমাণ বেড়ে গেছে। এখন পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে কিছু টাকা মওকুফ করিয়ে বাকি টাকা পরিশোধ করব।’ এদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুই লাখ ৪৩ হাজার ৬১৯ টাকা বকেয়া দেখানো হয়েছে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার নামে (চকরিয়া ডাক বাংলোর)। এ ছাড়া, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নামে এক লাখ ১৭ হাজার টাকা, উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নামে দুই লাখ আট হাজার ৬৪১ টাকা এবং উপজেলা পল্লি উন্নয়ন কার্যালয়ের নামে এক লাখ চার হাজার ৫০১ টাকা বকেয়া রয়েছে। জানতে চাইলে চকরিয়া পৌরসভার মেয়র নূরুল ইসলাম হায়দার বলেন, বকেয়া কর আদায়ের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে প্রতিবছরই নোটিশের মাধ্যমে তাগাদা দেওয়া হয়। কিন্তু অধিকাংশ সাধারণ মানুষ নিয়মিত কর পরিশোধ করলেও স্বচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিরা তাতে গড়িমসি করেন। মেয়র বলেন, বর্তমানে অনাদায়ি কর পৌরসভার তহবিলে জমা হলে তা দিয়ে পৌরসভা নিজস্ব অর্থায়নে অন্তত দুই বছর এলাকার উন্নয়নকাজ চালানো সম্ভব হতো। বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার পানি সরবরাহ প্রকল্পটি চালু কার যেত।কর অনাদায়ি ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।