কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গণি হত্যার ঘটনার দুই দিন পর গত শনিবার রাতে থানায় মামলা হয়েছে। নিহত ওসমানের ছেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এইচ এম আল নোমান শরীফ বাদী হয়ে এ মামলা করেন। এতে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেমকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আরও ৮৩ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বাদী এইচ এম আল নোমান শরীফ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার বাবা উত্তর মহেশখালী উপজেলা বাস্তবায়নের দাবিসহ অন্যায় ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যা করেছে।’এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ইতিমধ্যে মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে। মূল হোতাদের গ্রেপ্তারে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’