৮৩ প্রকল্পের অস্তিত্ব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরে টেকনাফ উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাবিটা, কাবিখা ও টিআর কর্মসূচির আওতায় ছয়টি ইউনিয়নে ৮৩টি প্রকল্পের বিপরীতে ২১৯ মেট্রিক টন (গম) ও ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এখন এসব প্রকল্পের আওতায় করা অধিকাংশ উন্নয়ন কাজের চিহ্ন নেই।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরের কাবিটার মাধ্যমে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০টি প্রকল্পের বিপরীতে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ছাড়া ৬৩টি প্রকল্পের আওতায় ২১৯ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরেজমিন পরিদর্শন করে এসব প্রকল্পের অধিকাংশেরই কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। নিলা ইউনিয়নের ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় রাস্তার উন্নয়নকাজে ২০১০-১১ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় এক লাখ ৪০ হাজার টাকা। স্থানীয় বাসিন্দা ঠান্ডা মিয়া ও হেলাল উদ্দিন জানান, প্রকল্পের কাজ চলার সময় কয়েকটি স্থানে মাটি ফেলা হয়েছে। রাস্তা সংস্কারে আর কোনো কাজ হতে তাঁরা দেখেননি।তবে প্রকল্পের সভাপতি ফরিদুল আলম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, বরাদ্দের টাকায় রাস্তার ওপর বালু এবং কয়েকটি স্থানে ইট দেওয়া হয়েছিল। কিন্তু বর্ষার পানিতে সব ভেসে গেছে। একই অর্থবছরে (২০১০-১১) কাবিখা কর্মসূচির আওতায় বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী বেড়িবাঁধ নির্মাণকাজের জন্য ১০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্প কাজের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ জানান, এই প্রকল্পে কাজ ঠিকভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় বালু দিয়ে কাজ করতে হয়েছে বলে ওই বাঁধ বিলীন হয়ে গেছে। টেকনাফ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহসান উল্লাহ জানান, সব উন্নয়ন প্রকল্প যথা সময়ে (২০১১ সালে ৩০ জুনের মধ্যে) শেষ হয়েছিল। কিন্তু বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের কারণে অধিকাংশ প্রকল্প বিলীন হয়ে গেছে।