৮৬ বছর বয়সেও মিলল না বয়স্ক-ভাতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম গৌর সাঁওতাল, বয়স ৮৬ বছর। বয়সের ভারে নুয়ে পড়েছেন। কানে শোনেন না। চাকমা, বাংলা এ দুটোর কোনোটিই বোঝেন না। শুধু জানেন সাঁওতাল ভাষা। কথা বললে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। পানছড়ির দুর্গম কানুনগোপাড়ায় থাকেন বৃদ্ধা গৌর সাঁওতাল। স্বামী লক্ষ্মী রাম সাঁওতালের মৃত্যু হয়েছে ১৯৯৩ সালের মে মাসে। সংসারের আয়-রোজগারের ভার ছেলে বিরজু সাঁওতালের ওপর। ছেলের বয়সও ৬৯ বছর। এ বয়সেও বিরজুকে মায়ের সেবা করতে হয়। রাখালি আর জুমচাষ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তবু কোনো সরকারি সাহায্য পান না। বয়স্ক-ভাতার কথা জানলেও কীভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারণা নেই। প্রশ্ন করলে বিরজু বলেন, ৮৬ বছর বয়স্ক মা এখনো ভাতা পাননি। আর আমি পাব! সংসারে পাঁচজন সদস্য এতজনের অন্নের সংস্থান বিরজুকেই করতে হয়। এই বয়সে শরীর চলে না, তবু বোঝা বইতে হয়। গরু নিয়ে বের হতে হয়, জুমখেতে ফসল কাটতে যেতে হয়। বিরজু বলেন, শুনেছি টাকা না দিলে কার্ড পাওয়া যায় না। আমরা গরিব, আমাদের টাকা-পয়সা নেই তাই বয়স্ক-ভাতার কার্ডের জন্য আবেদন করিনি। পানছড়ি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসনা দেবী চাকমা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এই পর্যন্ত গৌর সাঁওতাল বা বিরজু সাঁওতাল নামে বয়স্ক-ভাতা কার্ডের জন্য কেউ আবেদন করেননি। আবেদন করলে অবশ্যই কার্ড দেওয়া হতো। ভবিষ্যতে অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের কার্ড দেওয়া হবে। তা ছাড়া বৃদ্ধ-ভাতা, কার্ডগুলো স্থানীয় মেম্বার, চেয়ারম্যানরা তালিকা করে আমাদের দেন। সঠিক তথ্য যাচাই-বাছাই করে আমরা সে অনুযায়ী কার্ড দিয়ে থাকি।’কানুনগোপাড়া এলাকা ওয়ার্ডের দুইবার নির্বাচিত স্থানীয় মেম্বার মো. শাহীন মৃধা বলেন, ‘আমার কাছে গৌর সাঁওতাল আর বীরজু সাঁওতাল নামে বয়স্ক-ভাতা কার্ডের জন্য কেউ আসেননি। তাঁদের বয়স এত জানলে আমি অবশ্যই বয়স্ক-ভাতার কার্ড করে দিতাম।’এ প্রসঙ্গে পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা বলেন, ‘আমি কয়েক মাস হলো দায়িত্ব নিয়েছি। কেউ আবেদন করলে সেটা অবশ্যই বিবেচনা করা হবে।’