কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নের ৮৭টি গ্রামের ১৫ হাজারের বেশি বসতবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি মাতামুহুরী নদী উপচে দুই পাশের গ্রামে ঢুকে পড়ছে। এদিকে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকির মুখে পড়েছে লক্ষ্যারচর গ্রামে স্থাপিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) এক লাখ ৩২ হাজার ভোল্টের একটি টাওয়ার।চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, গত তিন দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উপজেলার একটি পৌরসভাসহ ১৮টি ইউনিয়নের ৮৭টি গ্রামের হাজার হাজার ঘরবাড়ি বন্যার পানিতে ডুবে রয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে উপজেলার কৈয়ারবিল, কোনাখালী, মানিকপুর-সুরাজপুর, কাকারা, লক্ষ্যারচর, বরইতলীর ঢেইঙ্গা কাটা, হারবাংয়ের পহরচাদা, পৌরসভার খোয়াজ নগর, চিরিঙ্গা, হালকাকারা, আমানচর, কাজীরপাড়া, বাটাখালীসহ বিভিন্ন এলাকা। সরেজমিনে দেখা গেছে, পহরচাদা ঢেইঙ্গাকাটা কৈয়ারবিল খিলছাদক এলাকায় বন্যার পানি বেড়ে যাচ্ছে। ওই এলাকার বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসায় বন্যার পানি ঢুকে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে। এ ছাড়া নদীর দুই তীরের বালু সরে যাওয়ায় ঝুঁকির মধ্যে রয়েছে মাতামুহুরী সেতুটিও। সেতুটি ধসে পড়লে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বরইতলী, কৈয়ারবিল, কোনাখালী ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী, শরীফ উদ্দিন, দিদারুল হক সিকদার ও নুর মোহাম্মদ মানিক জানান, প্রবল স্রোতে যেকোনো মুহূর্তে এক লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারটি নদীগর্ভে তলিয়ে যেতে পারে। উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে গিয়ে চরণদ্বীপ ও রামপুরের ইলিশিয়া, দরবেশকাটা ও বদরখালী এলাকার প্রায় কয়েক হাজার চিংড়িঘেরে পানি ঢুকে পড়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চিংড়িচাষিরা। উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘জরুরি মুহূর্তে বন্যা মোকাবিলার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসন রয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকার লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।’