খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০ শয্যা থেকে ৩১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় অর্থনীতিবিষয়ক কার্যনির্বাহী কমিটি (একনেক) ১৯৮৯ সালে। কিন্তু দীর্ঘ ২৩ বছরেও তা বাস্তবায়িত হয়নি। ৮৮ বছরের পুরোনো এই কমপ্লেক্স এখন নলখাগড়ার ওপর সিমেন্ট আবৃত ঘরে জোড়াতালি দিয়ে কোনো রকমে চলছে। অথচ দীঘিনালাসহ রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলার কয়েকটি এলাকার দুই লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল এই কেন্দ্র। শয্যাসংকটের কারণে রোগীদের মেঝেতে রেখে চিকিৎসাসেবা দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।১৯২৪ সালে স্থাপিত হওয়ার পর সামান্য সংস্কার ছাড়া এর কোনো উন্নয়ন হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন মাত্র তিনজন চিকিৎসক। তাঁর মধ্যে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে রোগী দেখতে পারেন না। স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রের তিনজনসহ ১২ জন চিকিৎসকের স্থলে আছেন মাত্র তিনজন। জরুরি বিভাগ, বহির্বিভাগ, ড্রেসিং রুম ও চিকিৎসকের চেম্বার চলছে জরাজীর্ণ টিনের ছাউনি দেওয়া ঘরে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা জানান, বর্ষায় কক্ষগুলো পানিতে সয়লাব হয়ে যায়। জেনারেটরের কোনো ব্যবস্থা নেই। মাসে মাত্র ১৫ লিটার কেরোসিন দিয়ে কোনো রকমে হারিকেন জ্বালানো হয়। কেরোসিন ফুরিয়ে গেলে রোগীরা নিজ খরচে মোমবাতি জ্বালিয়ে রাত কাটায়। ২০০৪ সালে খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে একটি এক্স-রে যন্ত্র দেওয়া হয়। কিন্তু ডার্করুম সম্পন্ন না হওয়ায় চালু করা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত এক্স-রে যন্ত্রটি চিকিৎসার কাজে ব্যবহার করা যাবে কি না, তা নিয়ে চিকিৎসকেরা আশঙ্কায় আছেন।সময়মতো বিদ্যুৎ না থাকা এবং লো-ভোল্টেজের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও অ্যাজমা রোগীদের কফ অপসারণের যন্ত্রও চালানো যায় না। দীর্ঘ ২২ বছরেও ৩১ শয্যায় উন্নীতকরণের জন্য একনেকের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। ২০১০ সালে ৫ একর জায়গা অধিগ্রহণ করে ৩১ শয্যা হাসপাতাল নির্মাণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিন কোটি ৭৮ লাখ টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সার্জারি ব্যতীত প্রাথমিক ও জরুরি প্রসূতিসেবা দেওয়ার জন্য ২০১০ সালে হল্যান্ডভিত্তিক একটি উন্নয়ন সংস্থা সব টেকনিক্যাল সরঞ্জামসহ একটি কক্ষ তৈরি করে দিলেও চিকিৎসক না থাকায় তা ব্যবহূত হচ্ছে না। চিকিৎসকদেরও থাকার কোনো আবাসনব্যবস্থা নেই। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পলাশ নাগ বলেন, ‘বাইরে থেকে দেখলে মনে হবে না এটি কোনো হাসপাতাল। সারা দিন রোগী দেখে ক্লান্ত শরীর নিয়ে কক্ষে গিয়ে বিশ্রাম নেব, তাঁরও উপায় নেই। বর্ষাকালে বৃষ্টি হলে কক্ষের মধ্যে বৃষ্টির পানি পড়ে ফলে বাধ্য হয়ে বসে বসে রাত কাটাতে হয়।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কাশেম বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই যেন বৃদ্ধ রোগী। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছি।’খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. হাসান ইমাম চৌধুরী চিকিৎসকসংকট ও নানা সমস্যার সত্যতা স্বীকার করে বলেন, ‘চিকিৎসক নিয়োগসহ স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নয়নের জন্য অধিদপ্তরে পত্র দেওয়া হয়েছে।’