রাঙামাটির দুটি সরকারি কলেজসহ সব কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। জেলার নয়টি কলেজের মধ্যে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি সরকারি মহিলা কলেজের একজন করে শিক্ষার্থী ছাড়া আর কোনো কলেজে কেউ জিপিএ-৫ পাননি। জেলার ১০টি উপজেলার মধ্যে বরকল ও জুরাছড়ি উপজেলায় কোনো কলেজ নেই। কাপ্তাই ও রাজস্থলী উপজেলা ছাড়া জেলার অপর ছয়টি উপজেলায় কলেজ রয়েছে নয়টি। এসব কলেজের মধ্যে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি সরকারি মহিলা কলেজে মাত্র একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের মতে, কলেজে মেধাবী শিক্ষার্থীর অভাব, ইংরেজিতে দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা, অভিভাবকদের অসচেতনতা ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ। জানা গেছে, রাঙামাটি সরাকরি কলেজে বিজ্ঞান বিভাগে ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ জন, মানবিকে ১৭৪ জনের মধ্যে ৯৯ জন ও ব্যবসায় শিক্ষায় ১৯২ জনের মধ্যে ৮৫ জন পাস করেছেন। রাঙামাটি সরকারি মহিলা কলেজে পাস করেছে বিজ্ঞানে ৪০ জনের মধ্যে ২৩ জন, মানবিকে ১৮২ জনের মধ্যে ৬২ জন ও ব্যবসায় শিক্ষায় ১৫১ জনের মধ্যে ১০০ জন। বাঘাইছড়ি কাচালং কলেজে বিজ্ঞানে ২১ জনের মধ্যে কেউ পাস করতে পারেননি, মানবিকে ১৪৩ জনের মধ্যে ৫১ জন ও ব্যবসায় শিক্ষায় ৭১ জনের মধ্যে ৪০ জন পাস করেছেন। বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজে মোট ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন, লংগদু রাবেতা মডেল কলেজে বিজ্ঞানে আটজনের মধ্যে ছয়জন, মানবিকে ৪১ জনের মধ্যে ৩১ জন ও ব্যবসায় শিক্ষায় ৪৯ জনের মধ্যে ৪২ জন, নানিয়ারচর কলেজে বিজ্ঞানে ৩৮ জনের মধ্যে ১৬ জন ও মানবিকে ১২৬ জনের মধ্যে ৬৬ জন পাস করেছেন। কাউখালী কলেজে বিজ্ঞানে তিনজনের মধ্যে কেউ পাস করতে পারেননি। মানবিকে ৩১ জনের মধ্যে ১২ জন ও ব্যবসায় শিক্ষায় ১৫ জনের মধ্যে সাতজন পাস করেছেন। কাউখালী উপজেলার ঘাগড়া কলেজে মানবিকে ২৫ জনের মধ্যে ১২ জন ও ব্যবসায় শিক্ষায় ১৫ জনের মধ্যে সাতজন এবং সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞানে ১১ জনের মধ্যে ছয়জন ও ব্যবসায় শিক্ষায় ১২ জনের মধ্যে পাঁচজন পাস করেছেন।রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, ‘কলেজে মেধাবী ছাত্রের অভাবের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফলাফল ভালো হয় না। এ ছাড়া একাদশ শ্রেণীতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের চাপে কোনো মতে পাস করা শিক্ষার্থীদের ভর্তি করাতে হয়। পরে আবার তাদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হয়। এ রকম শিক্ষার্থীদের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় না।’রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, ‘ইংরেজিতে দুর্বলতার কারণে অধিকাংশ শিক্ষার্থী কৃতকার্য হতে পারেন না। এ ছাড়া, স্থানীয় কলেজগুলোতে স্থানীয় মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করেন না। এসব দুর্বলতা স্বাভাবিকভাবে ফলাফলের ওপর প্রভাব ফেলে।’কাচালং কলেজের শিক্ষক দেব প্রসাদ দেওয়ান জানান, তাঁদের কলেজটা একদম দুর্গম এলাকায়। অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবক ছেলে-মেয়েদের পড়াশোনার ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারেন না।অন্য একটি কলেজের অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলে। দলগুলোর পরস্পরবিরোধী মনোভাব এবং বিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ পড়াশোনায় প্রভাব ফেলে বলে তিনি মন্তব্য করেন।