৯ চিকিত্সকের একজনও নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজ-কলমে চিকিত্সক থাকার কথা নয়জন। কিন্তু নেই একজনও। চিকিত্সার জন্য ভরসা চিকিত্সা সহকারীরা। সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে কিছু রোগী এসেছেন। কিন্তু কোনো চিকিত্সক নেই। কিছুক্ষণ পর চিকিত্সা সহকারী কনকবরণ চাকমা, শতদল প্রসাদ চাকমা ও শাহজাহান এলেন। সঙ্গে সঙ্গে হুড়াহুড়ি শুরু হয়ে গেল রোগীদের। একটানা সাড়ে ১১টা পর্যন্ত চিকিত্সা দিলেন। ২৭ জানুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাসেবার এমন করুণ চিত্র দেখা গেছে। বাঘাইছড়িতে পাহাড়ি-বাঙালি উত্তেজনা বিরাজ করায় অন্য দিনের তুলনায় রোগী কম বলে জানান চিকিত্সা সহকারী কনকবরণ চাকমা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিত্সকও নেই। সাত ইউনিয়নে সাতটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এর মধ্যে মাচালং ও খেদারমারা উপস্বাস্থ্যকেন্দ্রে নামমাত্র চিকিত্সক রয়েছেন। খেদারমারা স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সক রাজিব চৌধুরী এক বছর আগে প্রেষণে রাঙামাটি সদর হাসপাতালে চলে যান। মাচালং উপস্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিত্সক রাফিউল আলম থাকেন সদর স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনিও প্রায় সময় দাপ্তরিক কাজে বাইরে থাকেন। বাঘাইছড়ি উপজেলায় উপস্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিসিন, সার্জারি, গাইনি ও দন্ত চিকিত্সক না থাকায় রোগীরা চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়াও শূন্য রয়েছে সেবিকা ও কর্মকর্তা-কর্মচারীর পদ। সূত্র জানায়, যন্ত্রপাতি ও ওষুধসংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিত্সা। দূর থেকে আসা রোগীরা প্রয়োজনীয় চিকিত্সা ছাড়াই ফিরে যান। পাঁচ বছর আগে আনা এক্স-রে মেশিন বিদ্যুতের অভাবে চালু করা যায়নি। অথচ টেকনেশিয়ান আছেন। দুই বছর ধরে অকেজো পড়ে আছে অ্যাম্বুলেন্স। জেনারেটর থাকলেও তেলের বরাদ্দ নেই। বিদ্যুত্ চলে গেলে মোমবাতি দিয়ে রোগীদের চিকিত্সা দেওয়া হয়। রাঙামাটি জেলার ১০ উপজেলার মধ্যে প্রথম বাঘাইছড়ি হাসপাতালে প্রসূতিসেবা (সিজার) চালু করা হয়েছে ২০০৪ সালে। কিন্তু চিকিত্সক না থাকায় প্রসূতি কক্ষ তালাবদ্ধ। ফলে প্রসূতি নারীরা গ্রাম্য ধাত্রীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। গত চার মাসে ৩৫ জন নবজাতক ও নয়জন মায়ের মৃত্যু হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান। রোগী আশরাফ আলী (৭০) জানান, ‘আমার বড় অসুখ, এক ঘণ্টা ধরে বড় ডাক্তারের অপেক্ষায় আছি। তিনি কখন আসবেন জানি না। আমার বুকে ব্যথা ও জ্বর।’ জোনাকি বেগম জানান, ‘বড় ডাক্তার না থাকায় ছোট ডাক্তারের কাছে যেতে হয়।’উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমি একাধিকবার চিকিত্সকের জন্য লিখেছি। এর আগে উপজেলা প্রশাসনকে না জানিয়ে চিকিত্সক রাজিব চৌধুরীকে বদলি করা হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম হুমায়ুন কবির জানান, ১৫ দিন আগেও চিকিত্সকের জন্য লিখেছেন। একজন চিকিত্সক আছেন, তিনিও একটি সভায় গেছেন।