খুঁটি স্থাপনের নয় বছর পর বিদ্যুৎসংযোগ পেল পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের নতুনপাড়া গ্রামের ৭১টি পরিবার। ১০ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী সুইচ টিপে বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধন করেন। এলাকাবাসী জানান, স্বাধীনতার পর থেকেই এই এলাকার মানুষ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ছিল। সন্ধ্যা হলেই এলাকায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হতো এবং লোকজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন। ব্যাহত হতো ছেলেমেয়েদের পড়ালেখা। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, ২০০৩ সালে এলাকায় ১ দশমিক ৭৩ কিলোমিটার বৈদ্যুতিক খুঁটি পোঁতা হয়েছিল। কিন্তু সঞ্চালনসংযোগ তার টানাসহ আনুষঙ্গিক সুবিধা সৃষ্টি করা হয়নি। গত এক বছর ধরে তার টানা শেষ করে এলাকায় ১০ কেভি ও ১৫ কেভি লাইনের দুটি ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। এই লাইন থেকে ১০১ জন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেওয়া যাবে। আপাতত ৭১ জনকে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। নতুন সংযোগ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে পূর্ব হাইদগাঁও নতুনপাড়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে স্থানীয় সামাজিককেন্দ্রে আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামশুদ্দিন আহমেদ, আ ক ম সামশুজ্জামান চৌধুরী, হারুনুর রশিদ প্রমুখ।