৯ বছর পর সাতকানিয়া আওয়ামী লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ নয় বছর পর সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে এলাকার নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে উত্সাহ-উদ্দীপনা। এবার নেতৃত্ব নির্বাচিত হবে কাউন্সিলরদের সরাসরি ভোটে।দলীয় সূত্র জানায়, সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সাতকানিয়া আলিয়া মাদ্রাসায়। ভোটাভুটি পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরের দলীয় কার্যালয় অথবা কোনো সামাজিক কেন্দ্রে (স্থান নির্দিষ্ট করা হয়নি)। তাই সরাসরি নির্বাচন নিয়ে কিছুটা সংশয়ও রয়েছে নেতা-কর্মীদের মধ্যে।দলীয় সূত্রে জানা গেছে, ৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় কাউন্সিলর নির্বাচন শেষ হয়েছে। প্রতিটি ইউনিটে ২১ জন করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তৃণমূল নেতা-কর্মীদের আশা, এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায়, অর্থাত্ কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। বিভিন্ন ইউনিয়নের কর্মীসভায় জেলা আওয়ামী লীগের নেতারাও এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন।তবে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মী মনোনয়নের মাধ্যমে পকেট কমিটি হবে বলে আশঙ্কা করছেন। তাঁদের ধারণা, ভোটাভুটি পর্বটি এলাকায় শেষ না করে শহরে করার সিদ্ধান্তের পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে।এবারের সভাপতি পদপ্রার্থী ডা. আমম মিনহাজুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সাতকানিয়াতেই হবে, এটাই নিয়ম। কিন্তু ৩৯৩ জন ভোটার চট্টগ্রাম শহরে গিয়ে কীভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন? নিশ্চয়ই এটি নীল নকশার অংশ। একই ধরনের মন্তব্য করেন আমিলাইষ ইউনিয়নের কাউন্সিলর এস এম হারুন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ বলেন, জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার সম্মেলনের দ্বিতীয় পর্ব চট্টগ্রাম শহরে হবে। এতে কোনো উদ্দেশ্য নেই। এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, কাউন্সিলরদের ভোটেই সভাপতি-সম্পাদক নির্বাচিত হবেন। কোনো ধরনের সিলেকশন কমিটি হবে না।এবারের সম্মেলনে সভাপতি পদে বনফুল অ্যান্ড কোম্পানির মালিক আবদুল মোতালেব, স্বাধীনতা চিকিত্সক পরিষদের নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুল আলম ছাড়াও বশির আহমদ চৌধুরী, কতুব উদ্দীন চৌধুরী, জাফর আলম, মোহাম্মদ শাহাজাহান ও সাইদুর রহমানের নাম।সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে সভাপতি-সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরা কাউন্সিলরদের মন জয় করতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাঁরা নানা যুক্তি-তর্কের মাধ্যমে কাউন্সিলরদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরার চেষ্টা করছেন।এদিকে দীর্ঘ নয় বছর সম্মেলন না হওয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতার বিরুদ্ধে জাতীয় কর্মসূচি কিংবা সাংগঠনিক তত্পরতায় সময় না দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলের অনেক নেতা-কর্মী।আমিলাইষ ইউনিয়নের কাউন্সিলর এস এম হারুন ও পৌর এলাকার কাউন্সিলর মো. ইদ্রিচ মিয়ার অভিযোগ, দীর্ঘ দিন ধরে তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। উপজেলা কমিটির নেতারা নেতৃত্বের প্রভাব খাটিয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। ফলে, সাংগঠনিক কর্মসূচিগুলোয় অনেকে সময় দিতে পারেন না। তাঁরা চান, দলীয় কর্মকাণ্ডে নিয়মিত সময় দিতে পারেন, এমন ব্যক্তিরা দলের নেতৃত্বে আসুক। উপজেলা সভাপতি আবু সাঈদ এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা সব রকম কর্মসূচিতে প্রয়োজনীয় সময় দিয়ে থাকি। তৃণমূলের নেতা-কর্মীরা সব অবহিত আছেন।’ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৪ সালের ২১ এপ্রিল। ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে আবু সাঈদ ও ফরিদুল আলম।