৯ হাজার একর বনভূমিতে হচ্ছে সংরক্ষিত বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় এলাকার প্রায় নয় হাজার একর বনভূমি সংরক্ষিত বন হতে যাচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন ইতিমধ্যে বন আইনের অধীনে ছয় ধারা জারি করে সংরক্ষিত বন ঘোষণার প্রাথমিক কাজ শেষ করেছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।মহেশখালী উপজেলার বন বিভাগ সূত্রে জানা গেছে, এই নয় হাজার একর বনভূমিতে বন বিভাগ প্যারাবন সৃজন করেছে। উপকূলীয় এই প্যারাবন রক্ষার জন্যই একে সংরক্ষণের আওতায় আনা হচ্ছে। সংরক্ষিত বনভূমির আওতায় এলে প্যারাবনে অনধিকার প্রবেশ, মাছ ধরা, বন্য প্রাণী নিধন, পোনা আহরণ, গাছ, ঘাস, মাটি, বালিসহ বনজসম্পদ সংগ্রহ বন্ধ হবে। এমন কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্তত ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা করার বিধান রাখা হয়েছে। বর্তমানে মহেশখালীতে সাতটি বনবিট থাকলেও কোনো বিটেরই কার্যালয় নেই। সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হলে এই সাতটি বনবিটে কার্যালয় স্থাপন করা হবে। প্রতিটি বনবিটে চারটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন বনপ্রহরী নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া একজন উপকূলীয় সহকারী বন সংরক্ষক (এসিএফ), একজন রেঞ্জ কর্মকর্তাসহ ৫১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকার ১৭টি মৌজার বনায়নকৃত ও চর এলাকায় বনায়নযোগ্য প্রায় নয় হাজার একর বনভূমিকে সংরক্ষণের আওতায় আনা হচ্ছে। এদিকে উপকূলীয় এই বনভূমিতে সম্প্রতি কুতুবজোম এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি ১৩টি চিংড়িঘের করার প্রস্তাব দেন বলে স্থানীয় বন বিভাগ সূত্রে জানা গেছে। কিন্তু বন বিভাগের আপত্তির কারণে চিংড়িঘের করার অনুমতি দেয়নি চিংড়িসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি। গত ১৬ সেপ্টেম্বর চিংড়িসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হলে বন বিভাগের কর্মকর্তাদের আপত্তির মুখে তা বাতিল হয়ে যায়। তবে প্রভাবশালী মহলটি বনের জমিতে চিংড়িঘের করার চেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মহেশখালী বন বিভাগের কর্মকর্তারা। এ প্রসঙ্গে উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল প্রথম আলোকে বলেন, অচিরেই উপকূলীয় এলাকার প্রায় নয় হাজার একর বনভূমিকে সংরক্ষিত বন ঘোষণা করা হবে। ইতিমধ্যে সংরক্ষিত বন ঘোষণার জন্য এসব বনভূমিতে ছয় ধারা জারি করা হয়েছে। ফলে সংরক্ষিত বন ঘোষণার পর কেউ সহজেই প্যারাবনের ভেতরে ঢুকতে পারবে না এবং গাছ কাটাও বন্ধ হবে।’ তিনি আরও বলেন, আগে প্যারাবন কেটে ভূমিদস্যুরা অবৈধ চিংড়িঘের করত। কিন্তু সংরক্ষিত বন ঘোষণা হওয়ার পর কেউ প্যারাবন কেটে চিংড়িঘের করতে পারবে না।