৯০ প্রাথমিক বিদ্যালয়ে ওড়েনি বিজয়ের পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১১০টি। এর মধ্যে ৯০টিতেই বিজয় দিবসের কোনো অনুষ্ঠান হয়নি, ওড়ানো হয়নি জাতীয় পতাকাও। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন ও অভিভাবকেরা। সরেজমিন ঘুরে, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছনুয়া ইউনিয়নের নয়টি, গণ্ডামারায় ছয়টি, সরলে ছয়টি, কাথরিয়ায় ছয়টি, কালীপুরে সাতটি, সাধনপুরে সাতটি, পুকুরিয়ায় পাঁচটি, জলদীতে দুইটি, পুইছড়িতে ছয়টি, খানখানাবাদে ১০টি, বাহারছড়ায় ১২টি, চাম্বলে চারটি, শেখেরখীলে চারটি, বৈলছড়িতে তিনটি ও শীলকূপে তিনটি বিদ্যালয়ে জাতীয় পতাকা ওড়ানো হয়নি। ছনুয়া এলাকার এক ছাত্রীর অভিভাবক মুজিবুল হক চৌধুরী বলেন, ‘বিজয় দিবসে জাতীয় পতাকা না ওড়ানো দুঃখজনক। শুধু তাই নয়, বিজয় দিবসের কোনো অনুষ্ঠান পর্যন্ত হয়নি। এ রকম হলে শিশু শিক্ষার্থীরা সঠিক ইতিহাস থেকে দূরে সরে যাবে।’ পূর্ব গণ্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল খালেক চৌধুরী বলেন, ‘গত ছয় বছরে এ বিদ্যালয়ে জাতীয় দিবসে কোনো অনুষ্ঠান হয়নি।’ শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার বলেন, ‘আমার ইউনিয়নে দুটি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান হয়েছে। বাকিগুলোতে পালন করা হয়নি।’ এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ বিশ্বাস বলেন, ‘বাঁশখালীতে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিকে বিজয় দিবসে পতাকা ওড়ানো ও অনুষ্ঠান করার জন্য লিখিত চিঠি ইস্যু করা হয়েছে। তারপরও কেন তাঁরা পালন করেনি বিষয়টি খতিয়ে দেখা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল বলেন, ‘যেসব প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’