দক্ষিণ এশিয়ায় প্রাচীনকালে নালন্দা প্রভৃতি বিশ্ববিদ্যালয় ছিল, তবে তাদের ধারাবাহিকতা নষ্ট হয়ে গিয়েছিল, পাশ্চাত্য শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রথম বিশ্ববিদ্যালয়ের স্থাপিত হয় ১৮৫৭ সালে, কলকাতায়। শুরুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল পরীক্ষা নেওয়া ও ডিগ্রি দেওয়া, স্কুল-কলেজের লেখাপড়ার তদারকি করা, পাঠ্যসূচিতে পাঠক্রম তৈরি করা। তার নিজস্ব বাড়িঘর ছিল না। পরীক্ষা হতো ময়দানে, তাঁবু খাটিয়ে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভাসমিতির অধিবেশন বসতো উপাচার্যের বাড়িতে। উপাচার্যও তখন সার্বক্ষণিক হতেন না। দীর্ঘকাল পর্যন্ত কলকাতা হাইকোর্টের কোনো না কোনো বিচারক ওই পদে অধিষ্ঠিত হতেন। পরে এসব ব্যবস্থায় পরিবর্তন আসে। বিশ্ববিদ্যালয়ে প্রথমে স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো শুরু হয়, তারপর স্নাতক পর্যায়ে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় শিক্ষাদানকারী ও আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে। তার মানে, এখানে পড়ানো হবে, পরীক্ষা নেওয়া হবে, সনদ দেওয়া হবে। ছাত্ররা আবাসিক হলে থাকবে। যারা সেখানে থাকবে না, তাদেরও বিশ্ববিদ্যালয় থেকে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে বাস করতে হবে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর কাজ ছিল আবাসিক হলের বাইরে ছাত্রেরা সেখানে থাকছে, সে-স্থান পরিদর্শন করে আসা। আবাসিক হলে অনেক নিয়ম-কানুন-শৃঙ্খলার মধ্যে ছাত্রদের থাকতে হতো। বস্তুত তারা সকলেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো কোনো না কোনো হলের আবাসিক বা অনাবাসিক ছাত্র হিসেবে, পড়াশোনাটা হতো বিভাগে। হলে হাউজ টিউটররা ছাত্রদের লেখাপড়া, আহার-বাসস্থানের তদারকি করতেন। পাঠ্যসূচির বাইরে খেলাধুলা, নাট্যাভিনয়, বার্ষিকী-প্রকাশ, বিতর্কসভার আয়োজন, নৃতগীতবাদ্যের চর্চা—এসবই ছিল আবাসিক হলগুলোর দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো স্কুল-কলেজের দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের ওপরে বর্তায়নি। ১ জুলাই ১৯২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় কলা, বিজ্ঞান ও আইন অনুষদ নিয়ে। কলা অনুষদে ছিল ইংরেজি, সংস্কৃত ও বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ, ফারসি ও উর্দু, ইতিহাস, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষা বিভাগ। বিজ্ঞানে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন। আইনে কেবল আইন। মোট ১২টি বিভাগ। বিএ ও বিএসসি পাস ও অনার্সের প্রথম ও দ্বিতীয় বর্ষে এবং এমএ ও এমএসসি শ্রেণীতে ৮৫০-এর মতো ছাত্র ভর্তি করা হয়েছিল। তিনটি হল প্রতিষ্ঠিত হয়েছিল—ঢাকা হল, জগন্নাথ হল ও মুসলিম হল। তাতেই বেশির ভাগ ছাত্র থাকতো। ছাত্রী ছিল না। শিক্ষক ছিলেন ৬০ জন—২৮ জন কলা অনুষদে, ১৭ জন বিজ্ঞানে, ১৫ জন আইনে। এঁদের মধ্যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, রমেশচন্দ্র মজুমদার, জি এইচ ল্যাংলি, হরিদাস ভট্টচার্য, সত্যেন বসু, বিএম সেনগুপ্ত, জ্ঞানচন্দ্র ঘোষ, মুহম্মদ শহীদুল্লাহ ও নরেশচন্দ্র সেনগুপ্তের মতো খ্যাতনামা পণ্ডিত ছিলেন। ঢাকা হলের প্রোভোস্ট নিযুক্ত হয়েছিলেন এফ সি টার্নার, জগন্নাথ হলের নরেশচন্দ্র সেনগুপ্ত আর মুসলিম হলের এ এফ রহমান। এ এফ রহমানের পাণ্ডিত্যের খ্যাতি ছিল না, কিন্তু প্রশাসক ও ভদ্রলোক হিসেবে তিনি ছিলেন বিশিষ্ট। হলগুলোতে এবং কেন্দ্রে নির্বাচিত ছাত্র-সংসদ গঠন করার ধারণাটা তিনিই দিয়েছিলেন। ৯০ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আবাসিক হল বিশটি, অনুষদ দশটি, বিভাগ সত্তরের কাছাকাছি, ইনস্টিটিউট ছটি, শিক্ষক অনেক, ছাত্র অসংখ্য, তার মধ্যে ছাত্রীদের উল্লেখযোগ্য সংখ্যা এর অগ্রগতির স্মারক। কিন্তু তারপরও আবাসিক বিশ্ববিদ্যালয়ের ধারণাটি এখন বিপর্যস্ত রয়েছে। তা কেবল অনাবাসিক ছাত্রের বহুলতার কারণে নয়, হলকে কেন্দ্র করে যে ছাত্রজীবন, এখন আর তা যাপিত হচ্ছে না। সর্বত্র শৃঙ্খলার অভাব, হলগুলোতে আরো বেশি। এখানে ছাত্রের সঙ্গে অছাত্রও বাস করে, বইপত্রের সঙ্গে অস্ত্রশস্ত্র থাকে। ছাত্র-রাজনীতির কাছে প্রোভোস্ট-হাউজ টিউটররা অসহায়। যে-টিউটোরিয়াল ব্যবস্থা ছিল শিক্ষাদানপদ্ধতির কেন্দ্রে, এখন তা প্রথাসর্বস্ব হয়ে পড়েছে। ছাত্র-শিক্ষকের মধ্যে অনেক মেধাবী ও পণ্ডিত আছেন, সন্দেহ নেই, তারপরও বিশ্ববিদ্যালয়ের প্রথম বিশ-পঁচিশ বছরের সুনাম হারিয়ে গেছে। গোড়ায় বলা হয়েছিল, বাঙালি মুসলমান সমাজে শিক্ষার—বিশেষত উচ্চশিক্ষার প্রসারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে। প্রথম দিকে কিন্তু মুসলমান ছাত্রের সংখ্যা ছিল খুব কম, মুসলমান শিক্ষকের সংখ্যা একেবারেই নগণ্য। তবু সেই অল্পসংখ্যক ছাত্র-শিক্ষকের অনেকেই নিজের জীবনে উল্লেখযোগ্য জায়গায় পৌঁছেছিলেন, সমাজকেই বেশ কিছুটা দিয়েছিলেন। পাকিস্তান-প্রতিষ্ঠার পরে এই অঞ্চলের মুসলিম মধ্যবিত্তের বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ ভূমিকা রাখে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ। ১৯৪৭ সালে বহু শিক্ষক দেশত্যাগ করায় এই বিশ্ববিদ্যালয় দুর্বল হয়ে পড়েছিল। সে-ধাক্কা সামলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি আবার গৌরবান্বিত হয়েছিল। মুক্তিযুদ্ধে বহু শিক্ষক শহীদ হন। আবার প্রয়োজন হয় বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের এবং নতুন জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্র নির্মাণের। সে-কাজ এখনো চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে দেশবাসীর অনেক প্রত্যাশা। এর ছাত্রছাত্রীর চোখে অনেক স্বপ্ন। সে-প্রত্যাশা পূরণের এবং সে-স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এর শিক্ষক ও ছাত্রছাত্রীদেরই নিতে হবে।