৯০০ শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষ মাত্র পাঁচটি!
বকুল আকতার, ছাগলনাইয়া (ফেনী)ফেনীর ছাগলনাইয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকট প্রকট। এ ছাড়া রয়েছে পর্যপ্ত আসবাবপত্র ও কালো বোর্ডের অভাব। এখানে অধ্যয়নরত ৯০০ শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষ আছে মাত্র পাঁচটি। দুই কক্ষের একটি প্রশাসনিক ভবনসহ দুটি জরাজীর্ণ আধাপাকা ঘর রয়েছে বিদ্যালয়ে। প্রতিটি ঘরে চারটি করে শ্রেণীকক্ষ থাকলেও পাঠদানের উপযুক্ত নয় সেগুলো। মাথার ওপর টিনের চালে অসংখ্য ছিদ্র। এসব ছিদ্র দিয়ে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি পড়ে। জলছাদ না থাকায় প্রচণ্ড গরমে কষ্ট পায় শিক্ষার্থীরা। বিদ্যালয়ের অধিকাংশ কালো বোর্ডই নষ্ট হয়ে পড়ে আছে বলে জানান শিক্ষকেরা। নলকূপ না থাকায় পানির কষ্টেও ভুগতে হয় শিক্ষার্থীদের। বৃষ্টির পানি সরার জন্য নালা না থাকায় বর্ষায় শ্রেণীকক্ষে হাঁটুপানি জমে। প্রতি বর্ষায় শিক্ষার্থীরা জ্বর, সর্দি-কাশি ও চর্মরোগে আক্রান্ত হয়। তাই সচেতন অভিভাবকেরা তাঁদের সন্তানকে ভর্তি করানোর জন্য কিন্ডারগার্টেন স্কুলগুলোর দিকে ছুটছেন। দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার ভবিষ্যৎ হয়ে পড়ছে অনিশ্চিত। গত ৩০ জানুয়ারি বিদ্যালয়ে দেখা গেছে এমন বেহাল অবস্থায় চলছে পাঠদান। শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় প্রতি শ্রেণীতে অতিরিক্ত ২৫-৩০ জনকে বসতে হয় গাদাগাদি করে। প্রতি শ্রেণীতে ৮৫-৯০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের অনেকেই বেঞ্চের অভাবে বসতে না পেরে পেছনে দাঁড়িয়ে থাকে। বিদ্যালয়ের কাঠের সিলিংও ভেঙে পড়ো পড়ো অবস্থা। প্রধান শিক্ষিকা আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘উপজেলায় ৭৭টি বিদ্যালয়ের মধ্যে এ বিদ্যালয়টি বেশি সমস্যায় জর্জরিত। সুষ্ঠুভাবে শ্রেণীর কাজ চালানোর জন্য পুরোনো ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ করা জরুরি।’সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিতেন্দ্র কুমার সেন বলেন, ‘মন্ত্রণালয়ে এ বিষয়ে অনেকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ বলেন, ‘শিক্ষামন্ত্রণালয় এগিয়ে এলে বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যা দূর হবে।’