৯৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার (আরাকান) মহাসড়কের খরনা সেতু ও সংলগ্ন মোড়টি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সেতু এলাকায় দ্রুতগামী যানবাহন প্রায় সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে। গত ছয় মাসে ছয়টি বড় ধরনের দুর্ঘটনায় দুই শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে শতাধিক। সেতু ও সড়ক উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হলেও ঠিকাদারের অবহেলা ও জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে উন্নয়নকাজ থমকে আছে। জানা যায়, পটিয়া সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণ-পূর্বে খরনা সেতুটি অত্যন্ত জরাজীর্ণ, প্রস্থে সাত মিটারের কম। সেতুসংলগ্ন দুই দিকের সড়ক অস্বাভাবিক বাঁকা। এর বাইরে সড়কের প্রস্থ ১২ মিটারের বেশি। ফলে দুই দিক থেকে যানবাহন দ্রুতগতিতে এলেও সেতুর কাছে এসে গতি কমাতে গিয়ে চালকেরা প্রায় সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে প্রায় সময়। স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দিন ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন করেন, ‘এভাবে আর কত মানুষ প্রাণ হারালে এই সেতু ও সড়কের সংস্কার হবে?’ তিনি বলেন, ‘জায়গাটি এখন এ সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় সময় হতাহত লোকজনের আত্মীয়স্বজনের আহাজারিতে এলাকার আকাশ ভারী হয়ে ওঠে।’ পটিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছোট-বড় ছয়টি দুর্ঘটনায় দুই শিশুসহ ১২ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে এই প্রতিবেদকের দুই বছরের শিশুকন্যা সাদিয়া খানম ওরফে শিপাও রয়েছে। ২ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টায় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস খালে পড়ে গেলে বাবা-ছেলেসহ চারজন প্রাণ হারান। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ভোররাত তিনটায় ঢাকার নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা কক্সবাজারে ভ্রমণ শেষে ঢাকায় ফেরার পথে তাঁদের বহনকারী গাড়িটি খরনা সেতুর মোড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ১২ জন আহত হন। পটিয়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফ বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া-খরনা এলাকার দুদিকের সড়ক প্রশস্ত। কিন্তু সেতুর কাছে এসে সড়কটি সরু ও বাঁকা হয়ে গেছে। দুবছর আগে সেতুর রেলিংও ভেঙে গেছে। ফলে দ্রুতগামী যানবাহন ওই জায়গায় এসে বাঁক পেরোতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা-বাদামতল থেকে দোহাজারী পর্যন্ত ২৬ কিলোমিটার সড়ক উন্নয়নের (পাঁচ কিলোমিটার সংযোগ সড়কসহ) জন্য ৯৮ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২-এর অধীনে কাজ শুরু হয় ২০০৭ সালে। কাজ শেষ হওয়ার কথা চলতি বছর জুনের মধ্যে। কিন্তু সংযোগ সড়কের কয়েকটি সেতু ছাড়া প্রকল্পকাজের কোনো অগ্রগতি নেই। জানা গেছে, প্রকল্পটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলামিক ট্রেডিং কনসোর্টিয়াম লিমিটেড (আইটিসিএল)। এ বিষয়ে দোহাজারী সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তোফায়েল মিয়া জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে প্রকল্পকাজে কিছুটা দেরি হয়েছে। তবে গত বছরের ফেব্রুয়ারিতে মূল সড়ক এবং জুলাই মাসে সংযোগ সড়কের অধিগ্রহণ করা প্রয়োজনীয় ভূমি ঠিকাদারকে বুঝিয়ে দেওয়ার পরও ঠিকমতো কাজ শুরু করেনি। সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার জন্য যোগাযোগ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। আইটিসিএলের জরিপকারী (সার্ভেয়ার) মো. সেকান্দার বলেন, ‘ভূমি সমস্যার কারণে আমাদের কাজ করতে দেরি হয়েছে। বর্তমানে প্রায় ৮০ ভাগ সমস্যার সমাধান হয়েছে। আশা করি, শিগগিরই পুরোদমে কাজ শুরু করতে পারব।’