‘অ বাজি আঁর ফোয়ারে তো মারি ফেইল্লে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী সদর থেকে ১৩ কিলোমিটার দূরে শেখেরখিলের জেলেপল্লিতে ১৫০টি পরিবারের বসবাস। পল্লির আটজন মাঝিমাল্লা ১৭ দিন ধরে নিখোঁজ। সম্প্রতি নিখোঁজ মাঝিমাল্লাদের সম্পর্কে খোঁজ নিতে সেখানে গেলে ঘিরে ধরেন বাসিন্দরা। সবাই জানতে চান কবে ফিরবে তাঁদের নিখোঁজ স্বজনেরা। ভিড়ের মধ্যে দাঁড়ানো এক বৃদ্ধা এগিয়ে এলেন। দুই হাত শূন্যে ছড়িয়ে বুক চাপড়ে বিলাপ করতে করতে বললেন, ‘ও বাজি আঁর ফোয়ারে তো ডাকাইতঅলে মারি ফেইল্লে। ন অইলে তো এত দিনে ফিরি আইসত’ (বাবা, আমার ছেলেকে ডাকাতেরা মেরে ফেলেছে। না হয় এত দিনে সে ফিরে আসত)। জানা গেল, বৃদ্ধার নাম মরিয়ম বেগম (৫৭)। তাঁর ছেলে আমির হোসেন (৩২) নিখোঁজ ১৪ মাঝিমাল্লার একজন।নিখোঁজ আমির হোসেনের বাবা নূর মোহাম্মদ (৬৫) জানান, গত ২৯ নভেম্বর তাঁর ছেলে বাড়ি থেকে বের হয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেননি। তাঁর আশঙ্কা, জলদস্যুরা আমির হোসেনকে হত্যা করে সাগরে ফেলে দিয়েছে।শেখেরখিল জেলেপল্লির ঘরে ঘরে এখন স্বজন হারানোর মাতম। গত ২৯ নভেম্বর উপজেলার শেখেরখিল ও চাম্বল এলাকার ১৪ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি। এঁরা হলেন: মোজাম্মেল হক, মো. আব্বাস, মোস্তাক আহমদ, মো. হোছাইন, কামাল হোসেন, আক্তারুল ইসলাম, সোনা মিয়া, মো. সরোয়ার, আমির হোছন, জমির হোসেন, আনু মিয়া ও তিনজন অজ্ঞাতনামা জেলে। ৩ ডিসেম্বর ১৪ জন মাঝিমাল্লা নিখোঁজ হওয়ার ঘটনায় শেখেরখিল ইউনিয়ন পরিষদের সদস্য মোজাফফর হোছাইন বাদী হয়ে বাঁশখালী থানায় একটি নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেছেন।স্থানীয় জেলে, মাছধরার নৌকার মালিক ও জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, বঙ্গোপসাগরে ইদানীং অপহরণের ঘটনা বেড়েছে। জলদস্যুদের ভয়ে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা।শেখেরখিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক জহিরুল ইসলাম জানান, সমুদ্রে জলদুস্যদের উৎপাত বেড়ে যাওয়ায় বাঁশখালীর শতাধিক জেলে মাছ ধরতে যাচ্ছেন না। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক মিয়া জানান, ‘মাঝিমাল্লাদের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি ডায়েরি হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’