‘অচ্ছুৎ’ সুদানের কূটনৈতিক অভ্যুত্থান
সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে সুদানের সাবেক সামরিক গোয়েন্দাপ্রধান জেনারেল মুস্তফা আল-দাবিকে নিয়োগ দেওয়ার ঘটনাকে সুদানের ইসলামপন্থী সরকারের জন্য এক কূটনৈতিক অভ্যুত্থান হিসেবেই দেখা হচ্ছে।পশ্চিমা বিশ্বের কাছে সুদান একটি অস্পৃশ্য দেশ। সুদানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে ১৯৯০-এর দশকে আশ্রয় দিয়েছিল সুদান। এ ছাড়া নিজ দেশের দারফুরে কয়েকটি জাতিগোষ্ঠীর মানুষের ওপর গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে দেশটির সরকারের বিরুদ্ধে।কিন্তু এসব সত্ত্বেও আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছে সুদান। আরব বসন্তও নিজেদের পক্ষে কাজে লাগাতে সক্ষম হয়েছে তারা।তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলীকে উৎখাতের ঘটনাকে স্বাগত জানিয়েছিলেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। বশিরের দাবি, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতেও বিদ্রোহীদের অস্ত্র দিয়েছিলেন তিনি। এর কারণ, গাদ্দাফি নাকি একসময় দারফুরের বিদ্রোহীদের অস্ত্র দিয়েছিলেন। একই সময়ে বশিরের ক্ষমতা অটুট রাখতে সুদানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজধানী খার্তুমে গণতন্ত্রপন্থীদের ওপর নির্যাতন চালিয়েছেন।আর আরব লিগ এই সুদানেরই জেনারেল দাবিকে সিরিয়ায় পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। অথচ জেনারেল দাবির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে।জেনারেল দাবিকে সিরিয়া মিশনের প্রধান করে পাঠানোয় বিভিন্ন মানবাধিকার সংগঠন হতাশা প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ জানিয়ে বলেছে, এ ঘটনা হয়তো পুরো মিশনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করবে। ওমর আল-বশির ১৯৮৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে সুদানের ক্ষমতা দখলের সময় জেনারেল দাবি ছিলেন সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান। অভ্যুত্থানের ওই সময় বহু মানুষকে গুম, বিনা বিচারে গ্রেপ্তার ও কারাবন্দী করা হয়েছিল।সুদানের সরকারবিরোধী অনলাইন সংবাদপত্র আলরাকোবা-এর এক প্রতিবেদনে বলা হয়, বশিরের বিরুদ্ধে ১৯৯০ সালের এপ্রিলে এক ব্যর্থ অভ্যুত্থানের অপরাধে ২৮ সেনা কর্মকর্তাকে তড়িঘড়ি বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই ঘটনায়ও জেনারেল দাবি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।সামরিক গোয়েন্দাপ্রধানের দায়িত্ব পালনের পর জেনারেল দাবি সুদানের বৈদেশিক গোয়েন্দা বাহিনীর প্রধানের দায়িত্ব নেন। ১৯৯৬ সালে আবার সেনাবাহিনীর ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ পদে যোগ দেন তিনি। সিরিয়ার সরকারবিরোধী সংগঠনগুলোও আল-দাবির সামরিক অতীতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। সিরীয় লিগ নামে একটি সংগঠনের প্রধান আবদ-আল-করিম আল-রেহাউয়ি বলেন, ‘তিনি (জেনারেল দাবি) নিরপেক্ষ থাকতে পারবেন না। যাঁদের সঙ্গে তাঁর সাদৃশ্য রয়েছে, তাঁদের প্রতি সহমর্মিতা দেখাবেন। প্রতিদিন ২৪ ঘণ্টা ধরে সিরিয়ায় মানবতাবিরোধী অপরাধ করে চলা সরকারের প্রতি এই জেনারেল সহমর্মিতা দেখালেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না।’ ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত কাতারে সুদানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। পরে দারফুরে বশিরের উপদেষ্টা হিসেবে কাজ করেন। সুদান সরকার ও দারফুরের বিদ্রোহীদের কয়েকটি উপদলের সঙ্গে ২০০৫ সালের আবুজা শান্তি চুক্তির পর জেনারেল দাবিকে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ কমিটির নিরাপত্তাবিষয়ক কমিশনার করা হয়।দারফুর নিয়ে একটি সমন্বিত শান্তি চুক্তি করার জন্য কাতারের প্রচেষ্টার সঙ্গেও দাবি নিবিড়ভাবে যুক্ত ছিলেন। যদিও ওই প্রচেষ্টা বিফল হয়েছিল।কিছু বিশ্লেষক মনে করেন, জেনারেল দাবিকে সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষকদলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় কাতারের ভূমিকা রয়েছে। আরব লিগের ওপর কাতারের বেশ প্রভাব রয়েছে। দেশটি সিরিয়ার আসাদ সরকারের প্রতি বৈরীও।সুদানের ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ সদস্য রাবি আবদেলাতি বলেন, ‘দাবি অভিজ্ঞতায় ঋদ্ধ একজন মানুষ। আমরা মনে করি, তিনি আরব লিগের বার্তাটি সিরিয়ায় পৌঁছে দেবেন এবং মিশনে সফল হবেন।’আরব লিগের প্রধান নাবিল এলারাবি বলেছেন, জেনারেল দাবির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তাঁকে যৌক্তিকভাবেই মিশনের প্রধান মনোনীত করা হয়েছে। এই মিশন মোটেও সহজ কাজ নয়। আরব লিগ আসলে এ ধরনের কাজের জন্য উপযুক্ত নয়। সুদানের এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, সুদান একটি গণতান্ত্রিক দেশ। ত্রুটিপূর্ণ গণতন্ত্র হলেও এখানে নির্বাচন হয়। একাধিক বিরোধী দল রয়েছে। কিন্তু অনেক আরব রাষ্ট্রে রাজতন্ত্র বিদ্যমান। সিরিয়ায় সরকারবিরোধীরা কী চায় এ সম্পর্কে তাঁদের স্বচ্ছ ধারণা নেই। এসব দিক বিবেচনা করেই জেনারেল দাবিকে সিরিয়ায় মিশনপ্রধান হিসেবে পাঠানো হয়েছে। মিজান মল্লিক