অটিজম আক্রান্ত শিশুর মায়েদের নিয়ে গবেষণা ও প্রশিক্ষণ সহায়িকা তৈরিতে অবদানের জন্য চট্টগ্রামের ২৫ জন প্রশিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। ১৬ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা জানানো হয়।
আইসিডিডিআরবির অসংক্রামক ব্যাধিবিষয়ক গবেষণা বিভাগের প্রধান আলিয়া নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, অটিজম আক্রান্ত শিশুদের ৪৫ শতাংশ মা বিষণ্নতায় ভোগেন। তবে অধিকাংশ মা বিশ্বাস করেন তাদের শিশুর এই ব্যাধি নিরাময়যোগ্য। মায়েদের ৪৬ শতাংশ অটিজম আক্রান্ত শিশুর পরিচর্যাসংক্রান্ত ট্রেনিং পেয়েছেন। বক্তারা আরও বলেন, অটিজম স্পেক্টাম ডিসঅর্ডার একটি দ্রুত বর্ধনশীল ব্যাধি। এটি স্নায়ুর বিকাশগত একটি জটিলতা, যা সামাজিক যোগাযোগের অসম্পূর্ণতা, মৌখিক ও লিখিত যোগাযোগের সীমাবদ্ধতা এবং একই আচরণ বারবার করা দ্বারা চিহ্নিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, রেপোটিয়ার অটিজম ও স্নায়ুরোগ সম্পর্কিত জাতীয় স্টিয়ারিং কমিটির উপদেষ্টা মাজহারুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আলাউদ্দিন মজুমদার, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, অটিজমবিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য বাসনা মুহুরী, মান্না চৌধুরী, ফাহমিদা ইসলাম চৌধুরী প্রমুখ।