‘অতিরিক্ত, ভারপ্রাপ্ত ও চলতি’ দিয়ে চলছে সন্দ্বীপের প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত, ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্ব নিয়ে চলছে সন্দ্বীপের সরকারি প্রশাসন। প্রশাসনে মোট জনবলের দু-তৃতীয়াংশ নেই। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যাংকেও চলছে লোকবলসংকট। অনেক জনপ্রতিনিধিও সন্দ্বীপে থাকেন না। প্রশাসন সূত্রে জানা যায়, সন্দ্বীপে দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) নেই। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপজেলা নির্বাচনী কর্মকর্তার দায়িত্বেও আছেন তিনি। এ ছাড়াও উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই, কাজ চলছে ভারপ্রাপ্ত দিয়ে। সমাজসেবা কর্মকর্তা, পল্লি উন্নয়ন কর্মকর্তা, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক, মহিলাবিষয়ক কর্মকর্তার পদও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ভারে ন্যুব্জ। এসব পদের দায়িত্বে আছেন সীতাকুণ্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর বাইরে যুব উন্নয়ন কর্মকর্তা, আনসার ভিডিপি, পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদ শূন্য। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে আমার কার্যালয়ে ১০ জন কর্মকর্তা নেই। সব কাজ আমাকে একা করতে হয়। অনেক সময় কর্মচারী দিয়ে কর্মকর্তার কাজ চালাতে হয়। কিন্তু কর্মচারী আর কর্মকর্তার কাজের গুণগতমান এক নয়। এ ছাড়া পাশের বিভিন্ন উপজেলার লোকজনকে এখানকার প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তারা কখনো এখানে আসেন না।’ জানা গেছে, ফেব্রুয়ারির শুরুতে টানা দুুই সপ্তাহ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দ্বিতীয় কর্মকর্তার (সেকেন্ড অফিসার) পদ খালি ছিল সন্দ্বীপ থানায়। ফলে ডাকাতির ঘটনা বেড়ে যায়। থানা সূত্রে জানা যায়, ২-৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় প্রতিদিনই সন্দ্বীপের কোনো না কোনো এলাকায় ডাকাতি হয়েছে। সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্যাহ ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক ডাকাতকে পিটিয়ে পুলিশে দিয়েছি। কিন্তু দেখা যায় কয়েকদিন পরেই তারা জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে গেছে।’সন্দ্বীপ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন বলেন, ‘ফেব্রুয়ারির শুরুতে ডাকাতি বেশি হয়েছিল। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।’ প্রশাসনের পাশাপাশি কিছু সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও কর্মকর্তার অভাবে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন বলে জানা যায়। কৃষি ব্যাংকের তিনটি শাখায় ১৩ কর্মকর্তার মধ্যে আছেন মাত্র ছয়জন। ব্যাংকের প্রাণ হিসেবে পরিচিত তত্ত্বাবধায়কের ১৫টি পদ থাকলেও আছে মাত্র পাঁচজন। ফলে কৃষিঋণ বিতরণ ও সংগ্রহ কাজ ব্যাহত হচ্ছে। একইভাবে সোনালী ব্যাংকের জনবলও অর্ধেকে নেমে এসেছে বলে জানা গেছে। মাঠকর্মীর অভাবে এ ব্যাংকের কৃষিঋণ-কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া লোকবলের অভাবে সমবায় ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা কার্যালয় থেকে এ ব্যাংকের কাজ চালানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠানেও একই চিত্র দেখা গেছে। কার্গিল সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষক আছেন চারজন। মোমেনা সেকান্দর বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, তবে তিনজন সহকারী শিক্ষক আছেন। সরকারি হাজি আবদুল বাতেন কলেজে অনেক বিষয়ের শিক্ষক নেই। এখানে অর্থনীতির শিক্ষককে ইংরেজি পড়াতে হয়। এ ছাড়া বেশির ভাগ জনপ্রতিনিধিও বর্তমানে সন্দ্বীপে অনুপস্থিত বলে জানা গেছে। উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চারটির চেয়ারম্যান এলাকায় থাকেন। অন্যরা থাকেন সন্দ্বীপের বাইরে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব চেয়ারম্যান সন্দ্বীপ ত্যাগ করেছেন বলে জানা যায়। যাঁরা সন্দ্বীপে আছেন তাঁদের সবাই জামায়াত সমর্থক, তাঁরা স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রেখে এলাকায় টিকে আছেন। যাঁরা এলাকা ত্যাগ করেছেন তাঁদের কাজ করছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। এ ব্যাপারে মেয়র জাফর উল্যাহ ওরফে টিটু বলেন, ‘ইউপি চেয়ারম্যানেরা ইচ্ছে করেই সন্দ্বীপের বাইরে অবস্থান করছেন। বিএনপি সরকারের সময় তাঁরা নির্বাচিত হয়েছিলেন। সে সময় আওয়ামী লীগের সমর্থক কাউকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।’