
‘চাই, চাই এক অদ্ভুত মুগ্ধতা/ দাও দাও এক অদ্ভুত মুগ্ধতা’। গত ২৯ আগস্ট চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হাজার খানেক দর্শকের সামনে গাইছিলেন অনুপম রায়। গানের সুরে মুগ্ধতা খুঁজলেন, ছড়ালেনও। কেবল মুগ্ধতা বললে কম বলা হয়, সম্মোহন শব্দটা সম্ভবত আরও বেশি লাগসই।
‘আমাকে আমার মতো থাকতে দাও’ কিংবা ‘বেঁচে থাকার গান’ দিয়ে নিজেকে চিনিয়েছিলেন কয়েক বছর আগে। এরপর একের পর এক ঢেউ তুলেছেন শ্রোতাদের মনজগতে। সীমানা পেরিয়ে এ দেশের শ্রোতাদের মনোযোগ কেড়েছেন। সুমন, অঞ্জন কিংবা নচিকেতার ধারাবাহিকতায় যুক্ত করেছেন নিজেকে। গায়কিতে অসাধারণত্ব না থাকলেও শ্রোতার মর্মে পৌঁছানোর কৌশল জানেন। গড়িয়ে যাওয়া সুর আর কবিতার রসে ভেজানো লিরিক তাঁকে দিয়েছে অনন্যতা।
‘অনুপম রায় লাইভ ইন চিটাগাং’ শীর্ষক কনসার্ট ঘিরে তাই দর্শকদের আগ্রহের কমতি ছিল না। আয়োজক তালাশ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের কর্মীদের নাকাল হতে হচ্ছিল অনুষ্ঠানের সময় দর্শকদের মঞ্চের কাছে আসা ঠেকাতে। অথচ রাত আটটায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম এক ঘণ্টা নিস্তরঙ্গই ছিল। বাংলাদেশের শিল্পী দেবলীনা, অভিনেতা জাহেদ হাসান, ভারতের কম্পোজার ডাব্বু ঘোষাল, গায়ক সত্যজিৎ এই এক ঘণ্টা দর্শকদের নিখাদ আনন্দই দিলেন। তবে তাতে কারও উচ্ছ্বাসের বাঁধ ভাঙেনি। রাত নয়টায় অনুপম মঞ্চে উঠতেই যেন পাল্টে গেল দৃশ্যপট। হেমেলিনের বাঁশিওয়ালা যে বাঁশিতে ফুঁ দিয়েছেন তখন।
এ দেশে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে গানের অনুষ্ঠান করেছেন এর আগে। তবে এখানকার মঞ্চে উঠলেন প্রথমবার। আর সেটা এই চট্টগ্রামেই। অনুপম তাই বলতেই পারেন, ‘আজকের এই মুহূর্তটির জন্য অনেক দিনের অপেক্ষা ঘুচল। আমরা ছটফট করছিলাম, খুব উত্তেজিত ছিলাম।’
‘বেঁচে থাকার গান’, ‘বাড়িয়ে দাও তোমার হাত’, ‘অদ্ভুত মুগ্ধতা’, ‘এখন অনেক রাত’, ‘বোবা টানেল’, ‘আমি আজকাল ভালো আছি’সহ তাঁর তিনটি অ্যালবামের ১৪টি গান গাইলেন একে একে। বাদ গেল না সম্প্রতি জনপ্রিয়তা পাওয়া ‘বসন্ত এসে গেছে’ গানটিও। দর্শকদের অনুরোধে গাইলেন পিকু চলচ্চিত্রের টাইটেল গান ‘জার্নি সং’। আসর জমালেন অনুপমের সঙ্গে আসা উজ্জয়নী মুখার্জিও। ‘এই তো আমি চাই’, ‘গভীরে যাও’, ‘খেলা শেষ’ শুনিয়ে মুগ্ধ করলেন দর্শকদের। আর অনুপমের সঙ্গে গলা মিলিয়ে গাইলেন ‘যে কটা দিন তুমি থাকো পাশে’।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের স্বর্ণপদক পাওয়া ছাত্র অনুপম কীভাবে গীতিকার ও গায়ক হয়ে উঠলেন সে গল্পের কিছু টুকরো ছবিও পাওয়া গেল আসরে। বেঙ্গালুরুর ভালো বেতনের চাকরি ছেড়ে কলকাতায় এসে লড়াই করছেন গানের সঙ্গে ঘর-বসতি করার আশায়। সেই দিনগুলো যেন ধরা আছে ‘তিস্তান’ নামের গানটিতে। অনুপম গাইলেন ‘পাঁচ টাকা দিয়ে দিনের শুরু, ষোলো টাকা দিয়ে শেষ/ তিন টাকা দিয়ে মুক্তি কিনে হব নিরুদ্দেশ’।
এক দর্শকের প্রশ্ন ছিল, ‘তোর কেউ নেই’ বা ‘আমাকে আমার মতো থাকতে দাও’ এই গানগুলো অনুপমের ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল কি না। ‘গান দুটোর সৃষ্টির পেছনে অনেক ব্যক্তিগত আবেগ অনুভূতি জড়িয়ে আছে।’ অনুপমের এমন জবাব ছিল প্রত্যাশিত। কিন্তু ‘তোর কেউ নেই’ গানটা শেষ করে স্টেজের এক কোণে গিয়ে যেভাবে দাঁড়ালেন তাতে মনে হচ্ছিল আবেগটাকে সামলাতে লড়তে হচ্ছে তাঁকে।
এর মধ্যে কয়েক পশলা বৃষ্টি। বাইরের দুনিয়ার ‘জাহাজ মাস্তুল’ তখন ছারখার। তবু রাত ১২টা অবধি চলল অনুপমের ‘বাঁচবার গল্প’। শেষটায় আয়োজকদের বাঁধার প্রাচীর উপড়ে দিলেন তিনি নিজেই। মঞ্চের কাছে ডাকলেন সব দর্শকদের। আর এভাবে মধ্যরাতে শেষ হলো অদ্ভুত মুগ্ধতার আখ্যান।