'অধিক ফলনের জন্য প্রয়োজন আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার'
দেশে দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে। অথচ কমছে কৃষিজমি। তাই অধিক ফলনের জন্য প্রয়োজন আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার। চাষাবাদে উন্নত প্রযুক্তি ব্যবহারে একদিকে সময় ও অন্যদিকে খরচের সাশ্রয় হবে। এতে কৃষকেরা লাভবান হবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতকানিয়া উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ধান রোপণ যন্ত্র প্রদর্শনী ও মাঠ দিবসের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১৭ জানুয়ারি সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের বিল্লাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহ আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বেশ্বর কুমার দে ও স্থানীয় কৃষক আবদুল মন্নান। উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার উদ্দীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী মো. রফিকুল আলম, কৃষক লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিল্লাপাড়া এলাকার বেশ কিছু জমিতে ধান রোপণ যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ করা হয়। এ সময় স্থানীয় চাষিরা যন্ত্রের মাধ্যমে ধান রোপণ পদ্ধতি দেখেন। জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, যন্ত্রের মাধ্যমে দুই ঘণ্টায় এক একর জমিতে ধান রোপণ করা সম্ভব। এতে তেল (অকটেন) খরচ হবে মাত্র এক লিটার।