‘অনন্য জীবনানন্দ’ ও ক্লিন্টন সিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গবেষক ক্লিন্টন বুথ সিলি ষাটের দশকে দুই বছর বরিশালে ছিলেন। জীবনানন্দ দাশ সম্পর্কে তাঁর গভীর গবেষণালব্ধ তথ্য ও অন্তর্দৃষ্টিময় বিশ্লেষণ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ১৯৯০ সালে প্রকাশিত হয় আ পোয়েট অ্যাপার্ট। আগামীকাল প্রথমা থেকে প্রকাশিত হচ্ছে এ বইয়ের বাংলা অনুবাদ অনন্য জীবনানন্দ।বাংলা কবিতায় রবীন্দ্র-প্রভাববলয়ের বাইরের অন্যতম প্রধান পুরুষ নিভৃতচারী কবি জীবনানন্দ দাশের কবিতার দ্যুতিময় ভুবনের সঙ্গে কাব্যানুরাগী মহলের নিবিড় পরিচয় ঘটে তাঁর দুর্ঘটনাজনিত মৃত্যুর মাত্র অল্প কয়েক বছর আগে। ‘নির্জনতম’ এই কবির যে বিপুল অপ্রকাশিত রচনা তাঁর মৃত্যু-পরবর্তী সময়ে আবিষ্কৃত হয়, তাতে কেবল তাঁর প্রচারবিমুখতার প্রমাণ মেলে না, নিজের লেখা নিয়ে তাঁর সংশয় এবং অতৃপ্তিও অপ্রচ্ছন্ন হয়ে ওঠে। তাঁর জীবনের শেষ কয়েক বছর নিয়তি তাঁর দিকে চোখ তুলে তাকিয়েছিল, তিনি পেয়েছিলেন একটা ভদ্রোচিত জীবিকার সন্ধান, পাঠক ও সম্পাদক মহলে পেয়েছিলেন সমাদর ও স্বীকৃতি। তবু মৃত্যুর পর তাঁর সম্পর্কে একটি জীবনীগ্রন্থ প্রকাশ হতে সময় লেগে যায় দীর্ঘ ১৭ বছর (জীবনানন্দ: গোপালচন্দ্র রায়)। আর ৩৬ বছর পর ১৯৯০ সালে তাঁর জীবন ও সাহিত্য নিয়ে ইংরেজি ভাষায় একটি গ্রন্থ প্রকাশিত হয় সুদূর আমেরিকা থেকে। এবং এটি লেখেন এক বিদেশি গবেষক, ক্লিন্টন বুথ সিলি। ষাটের দশকে মার্কিন স্বেচ্ছাসেবক হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তানে এসে কয়েক বছর বরিশালের এক স্কুলে বিজ্ঞানের শিক্ষকতা করেছিলেন তিনি। সে সময়ই তাঁর বাংলা শেখা। তবে জীবনানন্দের কবিতার বিচিত্র স্বাদের সঙ্গে তাঁর পরিচয় ঘটে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের পর। সেই স্বাদের রসে সিক্ত হতে তিনি তাঁর পরবর্তী শিক্ষা লাভ করেন সাহিত্যে। বাংলার অনন্যসাধারণ এই কবি তাঁকে এতটাই অনুপ্রাণিত করেছিলেন যে তিনি তাঁর গবেষণার বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছিলেন জীবনানন্দকে। তাঁর পিএইচডি অভিসন্দর্ভটির নাম ছিল ডো ইন হিট: অ্যা ক্রিটিক্যাল বায়োগ্রাফি অব দ্য বেঙ্গলি পোয়েট জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)। উল্লেখ্য, ক্লিন্টন জীবনানন্দের বহুল আলোচিত এবং বিতর্কিত ‘ক্যাম্পে’ কবিতায় ব্যবহূত ‘ঘাইহরিণী’ শব্দটির ইংরেজি করেছিলেন ‘ডো ইন হিট’। আর জীবনানন্দের সাহিত্যিক জীবনীকে উপজীব্য করে তিনি যে পূর্ণাঙ্গ গ্রন্থটি রচনা করেন তার নাম অ্যা পোয়েট অ্যাপার্ট (১৯৯০)। বইটি ১৯৯৩ সালে মর্যাদাপূর্ণ ‘আনন্দ পুরস্কার’ লাভ করে। পুরস্কারপ্রাপ্তির পর কলকাতার আনন্দ পাবলিশার্স বইটির একটা বাংলা অনুবাদ প্রকাশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, এমনকি অধ্যাপক উজ্জ্বলকুমার মজুমদারকে অনুবাদকর্মটি সমাধা করার জন্য আমন্ত্রণও জানানো হয়েছিল। এটা ১৯৯৩ সালের কথা। এর সাত বছর পর আবারও ক্লিন্টনের সঙ্গে এ বিষয়ে তাদের আলোচনা হয়। এভাবে আরও কয়েক বছর কেটে গেলেও বইটির একটা বাংলা সংস্করণ প্রকাশের কাজ আর এগোয়নি। তবে মূল আমেরিকান সংস্করণের একটা ছায়ালিপি সংস্করণ প্রকাশ করেছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ১৯৯৯ সালে। পরবর্তী সময়ে বাংলাদেশের কয়েকজনও বইটি অনুবাদের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে যে কারণেই হোক, সেসব আর ফলবতী হয়নি। ২.১৯৬৯-৭০ সালে জীবনানন্দের পৈতৃক আবাস বরিশাল এবং পরবর্তী সময়ে কর্মস্থল কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে বহু পরিশ্রমে কবির জীবন সম্পর্কে বহু দুর্লভ তথ্য ও দলিল সংগ্রহ করেছিলেন ক্লিন্টন। তাঁর সংগৃহীত মালমসলা ঘেঁটে দেখলে উপলব্ধি করা যায় কী নিদারুণ যত্নে ও পরিশ্রমে সেসব জোগাড় করেছেন তিনি। যেমন, জীবনানন্দকে ১৯৪৬ সালে সবেতন ছুটি মঞ্জুর করার জন্য বিএম কলেজ কাউন্সিলের সভায় যে সিদ্ধান্ত হয়, সেই সভার কার্যবিবরণী তিনি সংগ্রহ করেন প্রায় ২৪ বছর পর। কিংবা জীবনানন্দের বাড়িভাড়া ও অনুমিত মামলা সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য ঘেঁটে দেখেন কলকাতার রেন্ট কন্ট্রোল অফিসের প্রায় ১৮ বছরের পুরোনো দলিলপত্র। এসব আয়াসসাধ্য কাজ একজন অভিসন্দর্ভ প্রস্তুতকারী গবেষকের নিষ্ঠাপ্রসূত নয় কেবল, এর পেছনে আছে আত্মমগ্ন নিভৃতচারী এক কবির প্রতি গভীর মমত্ববোধ ও আগ্রহ।সাতচল্লিশের দেশভাগের আগুনে তিনটি দেশের ধর্মীয় সংখ্যালঘু বাস্তুহারা মানুষ যখন দগ্ধ হচ্ছিল, সেই দুঃসময়ে তাঁর প্রিয় বরিশাল তথা বাংলাদেশ ছেড়ে, কলেজের শিক্ষকতায় ছেদ ঘটিয়ে আরও বহু অমুসলমান পূর্ব পাকিস্তানির মতো কলকাতায় পাড়ি জমিয়েছিলেন জীবনানন্দ। তাঁর কলকাতাবাস, উদ্বাস্তু জীবনের যন্ত্রণা, বেকারত্বের দুর্বহ জীবন—সবকিছু উঠে এসেছে তাঁর রচনায়। ক্লিন্টন সিলি তাঁর সেই অপরিসীম যাতনার সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন, কারণ তাঁর অনুভব সীমাবদ্ধ ছিল না কেবল পঠনের মধ্যে, জীবনানন্দের জীবনের যন্ত্রণাময় প্রতিটি দিনকে যেন তিনি আবিষ্কার করতে চেয়েছেন গভীর মমতায়। কলকাতায় একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ানো, নানাজনের কাছে তাঁর স্বভাববিরুদ্ধ ধরনা দেওয়া, একটা ভদ্রোচিত ভাড়াবাড়ির জন্য গোপন কষ্ট, গ্রাসাচ্ছাদনের ব্যবস্থার জন্য যেকোনো ধরনের কাজ করা—এ সবকিছুই ক্লিন্টন সযত্নে দলিলায়ন করেছেন তাঁর বইটিতে। বাংলাদেশ থেকে বইটির বাংলা অনুবাদ প্রকাশের ব্যাপারে প্রথমা প্রকাশনের সিদ্ধান্ত বাস্তবায়নের মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের পর ক্লিন্টনের সঙ্গে এই লেখকের সরাসরি পত্রালাপ শুরু হয়। তাঁর অপরিচিত এক অনুবাদককে তিনি অনুমোদন করবেন কি না তা নিয়েও ছিল সংশয়, যদিও আশির দশকের প্রথম দিকে তাঁর ঢাকা সফরের সময় তাঁর একটা সাক্ষাৎকার গ্রহণের সুযোগ হয়েছিল এই লেখকের, কিন্তু সেটি তাঁর স্মরণে থাকার কথা নয়। বইটি লেখার প্রস্তুতি হিসেবে উভয় বাংলা থেকে যেসব তথ্য ও দলিল জোগাড় করেছিলেন ক্লিন্টন, সেসব লেখা, চিঠি, কবিতা, সাক্ষাৎকার, বর্ণনা ইত্যাদির মূল ভাষ্য ছাড়া বইটির সফল পূর্ণাঙ্গ অনুবাদ সম্ভব ছিল না। আজকালের তথ্যপ্রযুক্তির যুগে সুদূর আমেরিকা থেকে সেগুলো পাঠানো কোনো দুরূহ কাজ নয়। ফলে চাওয়ামাত্রই সেসবের পিডিএফ ফাইল ত্বরিত ই-মেইলে পাঠিয়ে দেন তিনি। তবু বইটি প্রথমে একবার পড়ে ফেলার পর বিশ্বাস হয়নি যে বিশাল এই গবেষণাধর্মী গ্রন্থটি আদৌ কবজা করতে পারা যাবে। প্রায় চার মাস একনাগাড়ে লেগে থাকার পর বইটির শেষ বাক্যটির অনুবাদ যখন শেষ হয়, তখন প্রথমবারের মতো উপলব্ধি করতে পারি যে কাজটি সত্যিই শেষ হয়েছে। হয়তো, অনেকের মতে, কাজটির জন্য চার মাস খুব কম সময়। তবে এই সময়টিতে অন্য কোনো লেখালেখি হয়ে ওঠেনি আর। এই কয়েক মাস অফিসে রওনা হওয়ার আগের সকাল, সন্ধ্যার পর ঘরে ফিরে মধ্যরাত অবধি এবং ছুটির দিনগুলোর প্রায় পুরোটা কেটেছে যেন একধরনের ঘোরের মধ্যে। সেটি হচ্ছে জীবনানন্দকে নতুনভাবে জানার ও বোঝার এবং বাংলার নন্দিত কবিদের একজনকে এক বিদেশি গবেষক কোন দৃষ্টিতে দেখেছেন তা বাংলাভাষী পাঠকদের জানানোর আকুলতার ঘোর। ক্লিন্টনের কাছে অনুবাদকের নাম প্রস্তাবের সময় বলা হয়েছিল যে তিনি একজন জীবনানন্দ-প্রেমিক। পরিচিতিটির যথার্থতা নিয়ে প্রশ্ন না থাকলেও অপেক্ষাকৃত স্বল্প সময়ে কাজটি শেষ করাই হয়তো সেই অনুরক্তির মাপকাঠি। বইটি অনুবাদ করার সময় সুযোগ হয়েছে ক্লিন্টনের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের। প্রত্যেকটি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়ে তাঁর তুলনারহিত মনোযোগ এবং বিশ্বস্ততার প্রমাণ রেখেছেন তিনি এই নিবন্ধকারের সঙ্গে তাঁর পর্যবেক্ষণলব্ধ দীর্ঘ মন্তব্যসংবলিত চিঠিপত্রে। যেমন, বইয়ের প্রথম অধ্যায়ে উল্লিখিত রেললাইনবিহীন একমাত্র জেলা সদর বরিশাল সম্পর্কে একটা সংশোধনী টীকা সংযোজন প্রসঙ্গে তিনি তাঁর দীর্ঘ মন্তব্যে জানান, রাজবাড়ী থেকে ফরিদপুরের পুকুরিয়া পর্যন্ত ৫৫ কিলোমিটার রেললাইন চালু করার পরিকল্পনা আছে বাংলাদেশ রেলওয়ের, যাতে প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণের পর ২০১৪ সাল নাগাদ বরিশালকে ঢাকার সঙ্গে যুক্ত করা যায়। এ রকম তথ্য আমাদের অনেকেরই জানা নেই, অথচ তিনি বরিশাল বিষয়ে পড়াশোনা করতে গিয়ে এটুকু তথ্যও জোগাড় করে ফেলেছেন। এ রকম বিভিন্ন বিষয়ে তাঁর গভীর অনুসন্ধিৎসু মনোভাবের প্রকাশ দেখিয়েছেন তিনি। বিশেষ কোনো শব্দের যথার্থতা, অর্থ বা বানান নিয়ে তাঁর সঙ্গে করতে হয়েছে একাধিক পত্রবিনিময়, কখনো বা হালকা বিতর্ক। ইংরেজি ‘কাস্ট’ শব্দটির অর্থ ‘বর্ণ’, ‘গোত্র’ নাকি ‘জাত’ হবে—তা নিয়ে অনুবাদকের সঙ্গে বিতর্কের একপর্যায়ে কলকাতার একাধিক মানুষের মতামত গ্রহণ করে সিদ্ধান্ত দিয়েছেন তিনি। জীবনানন্দের ‘লঘু মুহূর্ত’ কবিতাটির ছন্দ মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্তে লেখা জীবনানন্দের কবিতার সংখ্যা কত—এ বিষয় নিয়ে সাজ্জাদ শরিফের সঙ্গে তাঁর সিদ্ধান্তহীন দীর্ঘ বিতর্ক বজায় রাখতে হয়েছে পাদটীকা দিয়ে। আজকাল যে বিদেশি ভাষায় রচিত তাবৎ গ্রন্থের এন্তার বাংলা অনুবাদ প্রকাশিত হচ্ছে, সেসবের অনুবাদকদের করুণা করতে ইচ্ছে করে। মূল লেখার সঙ্গে অনুবাদের কতটুকু মিল আছে কিংবা আদৌ আছে কি না—এসব দেখার কেউ নেই। এই অনুবাদগ্রন্থটি সে দুর্বলতা থেকে সম্পূর্ণ মুক্ত বলা যায়। কারণ, অযথার্থ তর্জমা বোঝার এবং সংশোধন করার মতো যথেষ্ট বাংলা জ্ঞান আছে মূল গ্রন্থকারের। অনুবাদ করতে গিয়ে বহু ইংরেজি শব্দের সম্পূর্ণ নতুন ব্যাখ্যা এবং আমেরিকান অর্থ জানার সুযোগ হয়েছে তাঁর কাছ থেকে। পক্ষান্তরে তিনিও পরিচিত হয়েছেন কিছু নতুন বাংলা শব্দের সঙ্গে। এ গ্রন্থ অনুবাদের কাজটির মর্যাদা ও প্রয়োজনীয়তার কথা বাদ দিলেও বাংলার সবচেয়ে নিভৃতচারী কবিকে পরিপূর্ণভাবে জানতে অপরিহার্য এই কাজটি ছিল মূলত উপভোগ্য এক যৌথ প্রকল্প।[email protected]