নগরে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রিহ্যাবের আবাসন মেলা। এবারের মেলার বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মেলা কমিটির আহ্বায়ক মিজানুর রহমানপ্রথম আলো: এবারের মেলার স্লোগান ‘দেশের জন্য সবুজ’। প্রকল্প বাস্তবায়নে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নীতিমালা অনুসরণ হচ্ছে কি?মিজানুর রহমান: দেশে মোট এক হাজার ১৭৭টি আবাসন শিল্পপ্রতিষ্ঠান রিহ্যাবের সদস্য। এর মধ্যে চট্টগ্রামে সদস্য প্রতিষ্ঠান ৯৬টি। অথচ চট্টগ্রামে প্রায় ৬০০ প্রতিষ্ঠান আছে। অর্থাৎ চট্টগ্রামে মোট প্রতিষ্ঠানের মাত্র ১৫ শতাংশ রিহ্যাবের সদস্য। বাকি প্রতিষ্ঠানগুলোর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। রিহ্যাব সদস্যের মধ্যে সিংহভাগই চউকের নীতিমালা বাস্তবায়ন করে। প্রথম আলো: মেলায় গ্রাহকদের জন্য কী সুবিধা থাকছে, নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তরের বিষয়ে আপনাদের ভূমিকা কী?মিজানুর রহমান: মেলায় অংশগ্রহণকারী ৬৮টি প্রতিষ্ঠানই গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ছাড় ও পুরস্কারের ব্যবস্থা রেখেছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি ফ্ল্যাট হস্তান্তরে কোনো সমস্যা হয়, তা নিরসনে রিহ্যাবের গ্রাহকসেবা কমিটি আছে। এ ধরনের ৮০ শতাংশ সমস্যাই এই কমিটি সমাধান করে থাকে।প্রথম আলো: চট্টগ্রাম নগরে মধ্যবিত্তের আবাসন সংকট নিরসনে রিহ্যাব কি উদ্যোগ নিয়েছে? মিজানুর রহমান: এ ক্ষেত্রে সরকারকে সদিচ্ছা অত্যন্ত জরুরি। চট্টগ্রামে প্রচুর সরকারি জমি অব্যবহূত আছে। সরকার যদি এসব জমি ব্যবহার করে রিহ্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে আবাসন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসে তবে মধ্যবিত্তের জন্য আবাসন গড়ে তোলা সম্ভব হবে। প্রথম আলো: এবারের মেলায় অনুমোদনহীন প্রকল্প প্রদর্শন ও বিপণন বন্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?মিজানুর রহমান: মেলায় অনুমোদনহীন কোনো প্রকল্প প্রদর্শন হবে না। মেলা প্রাঙ্গণে তথ্য ও অভিযোগকেন্দ্র থাকবে। ক্রেতারা সেখানে অভিযোগ জানাতে পারবেন। অনুমোদহীন প্রকল্প প্রদর্শন বা বিক্রির কোনো অভিযোগ প্রমাণিত হলে ওই প্রতিষ্ঠান আগামী দুই বছর মেলায় নিষিদ্ধ হবে।