আসন মাত্র ৪০টি। প্রতিদ্বন্দ্বিতা করবে ৯০০ জন শিক্ষার্থী। নগরের একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য এমন আবেদন জমা পড়েছে। অপরদিকে, একটি সরকারি বিদ্যালয়ের একই শ্রেণীর ৩২০ আসনের জন্য আবেদন করেছে প্রায় দুই হাজার শিক্ষার্থী।আজ মঙ্গলবার নগরের নয়টি সরকারি বিদ্যালয়ের পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণীতে ভর্তির আবেদন জমা নেওয়ার শেষ দিন। এসব বিদ্যালয়ে ৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র দেওয়া হয়। জমা নেওয়ার কাজ শুরু হয় ১৪ ডিসেম্বর থেকে। আর আজ ২০ ডিসেম্বর তা শেষ হচ্ছে।নগরের বেশ কয়েকটি বিদ্যালয়ের কয়েকটি শ্রেণীতে সীমিত আসনের জন্য লড়বে বিপুলসংখ্যক শিক্ষার্থী। শিক্ষার্থীদের চাপ বাড়ছে সরকারি-বেসরকারি সব বিদ্যালয়েই। তবে অনুমোদনহীন কোনো বিদ্যালয়ে শিশুদের ভর্তি করানোর ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ড। প্রায় সব কটি বিদ্যালয়েই ভর্তির আবেদনপত্র ইতিমধ্যে জমা নেওয়া হয়ে গেছে। সামনে ভর্তি পরীক্ষা। আর এর পরই শুরু হবে ভর্তি কার্যক্রম। সূত্র মতে, সরকারি নয়টি বিদ্যালয়ের মধ্যে ‘ক’ বিভাগের চারটি বিদ্যালয়ে ২২ ডিসেম্বর পঞ্চম শ্রেণীর, ২৮ ডিসেম্বর ষষ্ঠ ও ৩০ ডিসেম্বর নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিদ্যালয় হচ্ছে: কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় (নাসিরাবাদ)।অপরদিকে, ‘খ’ বিভাগের পাঁচটি বিদ্যালয়ে ৩০ ডিসেম্বর পঞ্চম, ২২ ডিসেম্বর ষষ্ঠ ও ২৮ ডিসেম্বর নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে রয়েছে: সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়। নগরের হালিশহর সিলভার বেলস স্কুল অ্যান্ড কলেজে নার্সারি, কেজি ওয়ান ও পঞ্চম শ্রেণীতে ভর্তির আবেদন জমা নেওয়া শেষ হয়ে গেছে। ২০, ২১, ২২ ও ২৩ ডিসেম্বর নার্সারি শ্রেণীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। কেজি ওয়ান ও পঞ্চম শ্রেণীর লিখিত পরীক্ষা ১ জানুয়ারি। কেজি ওয়ানের মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি ও পঞ্চম শ্রেণীর ৬ জানুয়ারি। ফলাফলের পর আগামী ৮ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহমুদা হক জানিয়েছেন, এবার পঞ্চম শ্রেণীর ৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯০০টি। খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ৩২০টি আসনের বিপরীতে গতকাল সোমবার পর্যন্ত আবেদন পাওয়া গেছে প্রায় দুই হাজার।এদিকে, অনুমোদনহীন বিদ্যালয়গুলোতে শিশুদের ভর্তি না করানোর অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এ ব্যাপারে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অভিভাবকেরা যেন ছেলেমেয়েদের ভর্তির আগে জেনে নেন, বিদ্যালয়ের অনুমোদন আছে কি না। অনুমোদন না থাকলে পরবর্তীকালে বোর্ডের অধীনে জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শিক্ষার্থীরা।’