‘অন্ত্যজশ্রেণীর বঞ্চনার কথা বলতে চেয়েছি’
শুদ্ধস্বর ও জোনাকি প্রকাশনী থেকে গল্পকার কামরুজ্জামান জাহাঙ্গীরের এবার দুটি বই বেরিয়েছে। বই দুটি সম্পর্কে তাঁর সঙ্গে কথা বলেছেন ওমর কায়সার শুদ্ধস্বর আপনার কী বই বের করেছে?কামরুজ্জামান জাহাঙ্গীর: এটি একটি ছোটগল্পের বই। নাম দিয়েছি কতিপয় নিম্নবর্গীয় গল্প।গত কয়েক বছরে আপনার অনেক গল্প প্রকাশিত হয়েছে। এ বইয়ে কোন কোন গল্প স্থান পেয়েছে?কামরুজ্জামান জাহাঙ্গীর: এ বইয়ে ১৪টি গল্প আছে। গল্পগুলো হলো—‘সে এক সকাল’, ‘যাত্রা যাত্রা যাত্রা’, ‘সেই এক কর্নেলের গল্প’, ‘মাটি বউ’, ‘শীলবাড়ির ময়নাতদন্ত’, ‘চিৎকারবিষয়ক প্রতিবেদন’, ‘মৃত্যু কিংবা হিজলফুল কথা’, ‘ময়না ওরফে...’, ‘তেরঙে তিন বিঘা’, ‘কেএফসির বুড়া’, ‘খরগোশ কিংবা কুকুর সমাচার’, ‘লক আউট’, ‘যেভাবে আমায় দাঁড়িয়ে থাকতে হয়’ ও ‘যাহার স্বপ্নে উহার স্বপ্ন হাজিরা দেয়’।গল্পগুলোর বিষয় সম্পর্কে কিছু বলবেন? কামরুজ্জামান জাহাঙ্গীর: এ বইয়ের প্রায় সব গল্পে অন্ত্যজশ্রেণী, নিম্নবিত্ত ও সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরা হয়েছে। তাদের ওপর যে সামাজিক, রাষ্ট্রীয় নিপীড়ন চলে আছে সেটিও। বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য তাদের যে লড়াই, তা চিত্রিত করার চেষ্টা করেছি। ‘শীলবাড়ির ময়নাতদন্ত’ গল্পে বাঁশখালীর সাধনপুরের ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনাকে কেন্দ্র করেই কি রচিত হয়েছে? কামরুজ্জামান জাহাঙ্গীর: আপনি ঠিকই ধরেছেন। ওই নারকীয় হত্যাযজ্ঞের পর আমি সেখানে গিয়েছিলাম। আমার চেতনায় প্রচণ্ড আঘাত করেছে। এ গল্পের মাধ্যমে আমি এখানকার সংখ্যালঘুর কষ্টটা আঁকতে চেয়েছি। বাঁশখালীর শীলপাড়া সংখ্যালঘু নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ‘তেরঙে তিন বিঘা’ গল্পে কাদের কথা বলেছেন?কামরুজ্জামান জাহাঙ্গীর: বাংলাদেশের প্রান্তিক জনপদ তিন বিঘা করিডোর এই গল্পের পটভূমি। এখানেও তিন বিঘার মানুষের জীবনযাপনের করুণ চিত্র তুলে ধরা হয়েছে। আপনার আরেকটি প্রবন্ধের বই বেরিয়েছে এবার...।কামরুজ্জামান জাহাঙ্গীর: জোনাকি প্রকাশনী থেকে বের হয়েছে। এই বইয়ের নাম উপন্যাসের বিনির্মাণ, উপন্যাসের জাদু। এটা কী উপন্যাসের চরিত্র, আঙ্গিক কিংবা বিষয়বস্তু নিয়ে লেখা, নাকি অন্য কিছু?কামরুজ্জামান জাহাঙ্গীর: প্রায় সে রকমই। উপন্যাসের বিনির্মাণ, এর মধ্যে ভাঙচুর, কীভাবে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের বাংলা উপন্যাসের বিবর্তন হলো তা ধরার চেষ্টা করেছি। প্রসঙ্গত আপনি কার কার উপন্যাসের আলোচনা করেছেন?কামরুজ্জামান জাহাঙ্গীর: রবীন্দ্রনাথের গোরা, কমল কুমার মজুমদারের উপন্যাস থেকে শুরু করে সাম্প্রতিক শহীদুল জহীরের উপন্যাসের প্রসঙ্গও আলোচনায় এসেছে। এ ছাড়া আমাদের মহান মুক্তিযুদ্ধের উপন্যাস নিয়েও আলোচনা আছে। আমাদের মুক্তিযুদ্ধের উপন্যাসগুলো নিয়ে কিছু বলুন। কামরুজ্জামান জাহাঙ্গীর: কিছু কিছু উপন্যাসে সত্যিকারের কিছু চিত্র ফুটে উঠেছে? তবে মুক্তিযুদ্ধ নিয়ে সত্যিকারের বড় মাপের উপন্যাস এ দেশে এখনো লেখা হয়নি। আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে একটি মহাকাব্যিক উপন্যাসের অপেক্ষায় আছি।