নাসরিন আক্তার, অদম্য এক মেধাবী। অভাব-অনটন কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি উচ্চশিক্ষা গ্রহণের অগ্রযাত্রা থেকে। ২০১০ সালে মিরসরাইয়ের মান্দারবাড়িয়া শাহ অলিয়া মহিলা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনের পর নাসরিন বলেছিলেন ‘আমি আলিম পরীক্ষায়ও এ রকম সাফল্য অর্জন করব।’ এবারের আলিম পরীক্ষায় উপজেলার সুফিয়া নুরীয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপি-৫ অর্জনের মাধ্যমে তিনি সে কথা রেখেছেন। নাসরিনের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে। বাবা রিকশাচালক আবুল হাসেম। তিন ভাই-বোনের মধ্যে নাসরিন সবার বড়। ছোট বোন নারগিস আক্তার মান্দারবাড়িয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে ও ছোট ভাই আবদুল হান্নান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ছে। মাত্র দুই শতক জমিতে ছোট্ট কুঁড়েঘরে কোনোমতে মাথাগোঁজার ঠাঁই হয় ওই পরিবারের পাঁচ সদস্যের। সম্পদ বলতে আর কিছুই নেই তাঁদের। কথা হয় নাসরিন ও তাঁর মা বিবি খাদিজার সঙ্গে। জানালেন, প্রতিদিনের মতো সকালেই রিকশা নিয়ে বেরিয়ে গেছেন আবুল হাসেম। কারণ তিনি রিকশা নিয়ে বের না হলে না খেয়ে থাকতে হবে গোটা পরিবারকে। নাসরিন তাঁর এই ফলাফলের জন্য তাঁর মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ছাড়া কৃতজ্ঞতা জানান ইসলামী ব্যাংক ও ঢাকার একটি সিকিউরিটিজ কোম্পানির প্রতি। কারণ ওই দুটি প্রতিষ্ঠান ২০১০ সালে দাখিল পরীক্ষার পর তাঁকে পড়ালেখার জন্য আর্থিক সহায়তা দিয়েছিল। নাসরিন বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তৈরি হচ্ছেন। বললেন, ‘আমি ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হব। মানুষ গড়ব আরও শত সহস্র। সৎভাবে বেঁচে থাকব আজীবন। মা-বাবার পরিবারে অন্ধকারের অবসান একদিন করব এই আমার প্রত্যাশা।’ নাসরিনের সাবেক শিকক্ষ মান্দারবাড়িয়া মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল হক বলেন, ‘নাসরিন যেন অন্ধকার ঘরে এক টুকরো চাঁদ। সব সময় ভালো ফল করত। তাই শিক্ষকেরা নিয়মিত ওর পড়ালেখার খোঁজখবর রাখতেন।’ নাসরিনের প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মেজবাহ উল হক বলেন, ‘আবুল হাসেম নিজে পড়তে জানেন না, অথচ সন্তানদের পড়ার প্রতি তাঁর আগ্রহের কমতি নেই। সবার সহায়তা পেলে হয়তো পরিবারটি সফলতার মুখ দেখবে।’