অনেক ছোট ছিলাম বলে বাবা-মা আমাকে একা মার্কেটে যেতে দিত না। আমার জিদ ছিল এবার আমি একাই যাব। ঈদের বাকি ছিল আর মাত্র একদিন, রাত পোহালেই ঈদ। সকালে বাবার কাছ থেকে টাকা নিয়ে বের হলাম শপিং করতে সারা দিন ঘোরাঘুরি করে বিকেল থেকে শুরু করলাম শপিং, শেষ করলাম রাত ১২টায়। বাড়ির সবার জন্য কেনা কাটা করলাম বাবা-মা, ভাই-বোন, কাজের ছেলে সবার জন্যই। এটাই ছিল আমার জীবনে প্রথম কেনাকাটার অভিজ্ঞতা তাই একটু বেশি আনন্দ লাগছে। কেনাকাটা শেষ করে দেখি রাত ১২ টা। এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি, শহর থেকে ৭-৮ কিলোমিটার দুরে গাড়ি-ঘোড়া তেমন ছিল না অনেক কষ্টে একটা রিকশা পেলাম। রিকশায় বাড়ির দিকে রওনা হলাম।
আমার কাছে আনুমানিক ব্যাগ হবে ২০-২৫টা। বাসায় ফিরে ঘড়িতে দেখি রাত ১টা। আর সবাই ঘুমিয়ে গেছে। রিকশা থেকে নেমে রাস্তায় রিকশা দাঁড় করে, বাবা বাবা বলে ডাক দিয়ে গেটের দিকে এগিয়ে যাই। অনেকক্ষণ ডাক দেওয়ার পর মা উঠে গেট খুলে দিল। আমি যাচ্ছি রিকশার দিকে ব্যাগগুলো আনার জন্য। এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, হারিকেন নিয়ে এপাশ-ওপাশ দেখি রিকশাওয়ালা নাই। ততক্ষণে আমি নিশ্চিত রিকশাওয়ালা আমার জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। মনে হলো, আমার আকাশ ভেঙে মাথায় পড়ল। বাবা-মার ভয়ে আর কিছু বলতে পারছি না আর চিন্তা করছি রাত পোহালেই ঈদ নতুন নতুন কাপড় সব রিকশাওয়ালা নিয়ে গেল এখন ঈদের দিন কি পরব। সাইকেল নিয়ে বের হলাম রাস্তার দিকে অনেক খোঁজাখুঁজি করে রিকশাওয়ালার দেখা পেলাম না।
মা আমাকে ডেকে বাড়িতে নিয়ে গেল। ভাত খেয়ে শুয়ে পড়লাম। ঘুম আর ধরে না, চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারি না, সকালে মা ডেকে দিল, সবাই দেখি নতুন নতুন জামা পরে আছে, আমিও গোসল করে জামা পরার জন্য রেডি, আর দেখি মা আমার জন্য নতুন কাপড় নিয়ে আমার দিকে আসছে। আমি তো অবাক, পরে শুনি বাবা সবার জন্য আগেই কাপড় কিনে রেখেছিল। নতুন কাপড় পরে নামাজে গেলাম আর সারা দিন অনেক আনন্দ করলাম, আর ভুলেই গেলাম কাপড় হারিয়ে যাওয়ার কথা।