‘অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সুকুমার বড়ুয়ার ছড়া সদা সোচ্চার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুকুমার বড়ুয়া ছড়াসাহিত্যের একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। যে কয়জন লেখক শুধু ছড়াসাহিত্য চর্চা করে খ্যাতির শিখরে অবস্থান করছেন, তাঁদের মধ্যে তিনি অন্যতম। তাঁর আচরণ এত সহজ এবং চলাফেরা এত সাধারণ যে তাঁকে দেখে মনে হয় না, তিনি কত বড় মানুষ। অসংগতি, অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে সুকুমার বড়ুয়ার ছড়া সদা সোচ্চার।’অনোমা: ছড়াসাহিত্যিক সুকুমার বড়ুয়া সম্মাননা গ্রন্থ-এর প্রকাশনা উৎসবে বক্তারা এ কথা বলেন। ২২ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে এ প্রকাশনা উৎসব হয়। অধ্যাপক শিমুল বড়ুয়া বইটি সম্পাদনা করেন। গোষ্ঠীর প্রধান উপদেষ্টা প্রেমাঙ্কুর বড়ুয়ার সভাপতিত্বে সভায় সম্মাননা গ্রন্থের পাঠ উন্মোচন করেন সুকুমার বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বাদল বরণ বড়ুয়া, অধ্যাপক হরিশংকর জলদাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, অধ্যাপক আহমেদ মাওলা। সুকুমার বড়ুয়া অনুভূতি জানিয়ে বলেন, ‘অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। তাঁরা বিভিন্নভাবে আমাকে সম্মানিত করেছে, বৌদ্ধ একাডেমি পুরস্কার দিয়েছে। আজও গ্রন্থ প্রকাশ করে তাঁরা অপরিসীম আনন্দ দিয়েছে আমাকে।’আবুল মোমেন বলেন, ‘শিমুল বড়ুয়ার সম্পাদনায় প্রকাশিত এ গ্রন্থটি একটি স্থায়ী কাজ। অসংগতি, অন্যায়, বৈষম্যের বিরুদ্ধে সুকুমার বড়ুয়ার ছড়া সদা সোচ্চার। জীবনের যে তিক্ততা, রুক্ষতা তিনি দেখেছেন, তারই প্রতিফলন দেখি তাঁর ছড়ায়। আমাদের কামনা থাকবে তাঁর ছড়ায় যেন বার্ধক্য ভর না করে, আমৃত্যু যেন কলম সচল থাকে।’হরিশংকর জলদাস বলেন, ‘আমাদের মাতৃভাষা বাংলা। এ বাংলা কবিতার জনক হচ্ছেন সিদ্ধাচার্যরা। আর সিদ্ধাচার্যদের উত্তরসাধক হচ্ছেন ছড়াসাহিত্যিক সুকুমার বড়ুয়া। প্রকাশিত সম্মাননা গ্রন্থটি সুকুমার বড়ুয়ার জীবন-বেদ। গ্রন্থটি তাঁকে জানার জন্য একটি আকরগ্রন্থ হিসেবে স্বীকৃতি পাবে।’রাশেদ রউফ বলেন, ‘তাঁর ছড়ার প্রধান আকর্ষণীয় দিক হচ্ছে ছন্দ। ছন্দের ঝংকারে ছড়ার প্রতিটি শব্দ যেন নেচে ওঠে। ছড়ায় থাকে ছোটদের মনকে তুষ্ট করতে পারে এমন উপকথা। আবার থাকে বক্তব্য কিংবা খোঁচা যাতে বড়রা পান তৃপ্তি।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সচিব সুজন কুমার বড়ুয়া। আরও বক্তব্য দেন চিকিৎসক প্রভাতচন্দ্র বড়ুয়া, সম্মাননা গ্রন্থের সম্পাদক শিমুল বড়ুয়া প্রমুখ। ‘এ রকম বিখ্যাত একজন ব্যক্তির কন্যা হতে পেরে আপনার কেমন লাগছে?’—এ প্রশ্নের উত্তরে দর্শকসারিতে থাকা ছড়াকার সুকুমার বড়ুয়ার মেজ মেয়ে সিটি করপোরেশনে স্বাস্থ্য বিভাগে কর্মরত রঞ্জনা বড়ুয়া কান্নাভেজা গলায় বলেন, ‘ভালো তো লাগছেই। বাবা হচ্ছেন আমার গর্ব। যেখানেই যাই, আমি গর্ব করে বলতে পারি, সুকুমার বড়ুয়া আমার বাবা।’ অনুষ্ঠান শেষে ছড়াকার ‘সুকুমার বড়ুয়া, শিশু পাঠাগার’ প্রতিষ্ঠার জন্য আর্থিক সহায়তা হিসেবে সম্মাননা গ্রন্থের ৫০০ কপি ছড়াকারের হাতে তুলে দেন প্রধান অতিথি কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশীষ কুমার বড়ুয়া।