‘অপরাধ’ যখন পড়ার বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তিত বিশ্ব রাজনীতি এবং আর্থসামাজিক কারণে অপরাধ সংঘটনের কলাকৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আঞ্চলিক সন্ত্রাসবাদ ও জঙ্গিদের চারণভূমি হিসেবে বর্তমান সময়ে দক্ষিণ এশিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অপরাধ দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। কিন্তু বিপরীতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়।এ পরিপ্রেক্ষিতে অপরাধ বিষয়ে দরকার প্রাতিষ্ঠানিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা। এ লক্ষ্যে ২০০৩ সালে সরকার টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্স চালু করেছে। এর পাশাপাশি বর্তমানে এ বিষয়ে মাস্টার্স কোর্সও চালু করা হয়েছে।সম্পূর্ণ ইংরেজি মাধ্যম ও আন্তর্জাতিক পাঠ্যক্রমে দেশ-বিদেশের অভিজ্ঞ শিক্ষক, পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচারকেরা ক্লাস নেন। এ ছাড়া প্রতি সেমিস্টারে ফিল্ড ট্রিপের মাধ্যমে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। নিয়মিত সভা-সেমিনার ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা অপরাধবিষয়ক জ্ঞান অর্জন করছেন। ২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে বর্তমানে সাতটি ব্যাচে ৫০ জন করে ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, ‘বিষয়টি নতুন ও সম্ভাবনাময়। তাই বাংলাদেশে অপরাধ বিষয়ে মৌলিক গবেষণার ক্ষেত্রে সিপিএস বিভাগই পথিকৃৎ হবে। এ ধারণাই সিপিএস বিভাগে ভর্তি হতে আমাকে উদ্বুদ্ধ করেছে। এ জন্য নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও এখানে ভর্তি হয়েছি।’ তাঁর বন্ধু লেনিন, অপু, রাসেল, সুমন, রিয়েল, রাগিব উচ্চ স্বরে তাঁকে সমর্থন জানালেন। সিপিএস বিভাগ নিয়ে তাঁর স্বপ্নের কথা জানতে চাইলে তৃতীয় বর্ষের ছাত্র কামরুজ্জামান রুবেল বলেন, ‘অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে এ বিষয়ে প্রচুর গবেষণা দরকার। কেন একজন সাধারণ মানুষ পারিবারিক বন্ধনে থাকা সত্ত্বেও দাগি আসামিতে পরিণত হয়—কারণগুলো জানতে এ সম্পর্কে গবেষণা দরকার। ভবিষ্যতে আমি এ বিষয়ে কাজ করতে চাই।’ সুস্মিতা তাঁর স্বপ্নের কথা জানাতে গিয়ে বলেন, ‘বাংলাদেশে নারীরা এখনো নির্যাতিত। প্রতিবছর প্রচুরসংখ্যক নারী ভারত, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাচার হয়। নারী পাচার রোধে গবেষণা করতে চাই। গবেষণালব্ধ ফল সঠিকভাবে বাস্তবায়ন করলে নিশ্চয়ই নারী পাচার রোধ করা সম্ভব।’সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান ভবিষ্যৎ নারী-অপরাধবিদ ফারহানা, মৌমিতা, আদিবা, রশ্মি, তন্বী, আতিকা। চতুর্থ বর্ষের ছাত্র মুজিব আহমেদ বলেন, ‘বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম সম্পর্কে এ সেক্টরটির আরও আধুনিকায়ন দরকার। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার।’ চতুর্থ বর্ষের আরেক ছাত্র ফসিউদ্দিন পলাশ জানালেন তাঁদের সমস্যার কথা। যেমন শিক্ষকস্বল্পতা, পর্যাপ্ত বই নেই, ফরেনসিক ল্যাবে আধুনিক যন্ত্রপাতির অভাব ইত্যাদি। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন। সিপিএস বিভাগের চেয়ারম্যান আসাদুজ্জামান সাদি বলেন, ‘বর্তমানে এ বিভাগে ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক রেফারেন্স ল্যাবরেটরি তৈরির প্রক্রিয়া চলছে। দেশের অপরাধবিষয়ক জ্ঞান ও গবেষণার কেন্দ্রবিন্দু হবে এ বিভাগ।’ সিপিএস বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওমর ফারুক অপরাধ দমনে করণীয় এবং এ বিভাগের ভূমিকা কী—এ প্রশ্নের উত্তরে বলেন, ‘অপরাধ দমনে নৈতিক গুণাবলিসম্পন্ন একটি জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে হবে। ফলে সমাজের মানুষগুলো অপরাধ থেকে নিজেকে বিরত রাখবে ও অন্যদের নিরুৎসাহিত করবে। সামাজিক পরিমণ্ডলে এ বোধশক্তিটুকু উদয় করতে পারলেই অপরাধ দমন সহজ হবে।’ এ বিভাগের গবেষণা-কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানালেন, প্রতিবছর বাংলাদেশে সংঘটিত অপরাধ নিয়ে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা একত্রে প্রায় ১০০টি গবেষণা সম্পন্ন করেন। এসব গবেষণা সম্পন্ন করতে বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের সরাসরি দিকনির্দেশনা দেন। শিক্ষার্থীদের গবেষণার সুবিধার্থে ন্যাশনাল ফরেনসিক ল্যাবরেটরি, সিআইডি ফরেনসিক ল্যাব, বাংলাদেশের বিভিন্ন থানা, বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানো হয়। এ বিভাগের শিক্ষিকা সহকারী অধ্যাপক নূরজাহান বলেন, ‘সিপিএস বিভাগ থেকেই একমাত্র ২০০৭ সাল থেকে বাংলাদেশে প্রথম ক্রাইম ইনডেক্স প্রকাশিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে কিশোর-অপরাধ, মাদকাসক্তি ও মানব-পাচারের হার ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। এ নিয়ে আরও গবেষণা হওয়া উচিত বলে মনে করেন তিনি। যা পড়ানো হয়সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী এ বিষয়ে মূলত অপরাধের বিভিন্ন ধরন ও তা প্রতিরোধের উপায়-কলাকৌশল পড়ানো হয়। এ ছাড়া ল অ্যান্ড হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ স্টাডিজ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সিকিউরিটি প্র্যাকটিস, জুভেনাইল ডিলেনকোয়েন্সি, ক্রিমিনোলজিক্যাল ইভালুয়েশন অ্যান্ড অ্যানালাইসিস, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ল, ফরেনসিক সায়েন্স, অফেন্ডার ট্রিটমেন্ট, ড্রাগ ট্রাফিকিং, ডমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল টেররিজম, ক্রাইম ম্যাপিং, পুলিশ ইনফরমেশন টেকনোলজি, ভিক্টিমোলজি, ক্রিমিনাল সাইকোলজি, কম্পারেটিভ পুলিশিং, ক্রিমিনোলজিক্যাল রিসার্চ ইত্যাদি কোর্স এখানে পড়ানো হয়। ক্যারিয়ারক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে পড়ার পর দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব। ক্রিমিনোলজি অ্যান্ড জাস্টিস ইনস্টিটিউট নামে রয়েছে জাতিসংঘের স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএসের বিভিন্ন ক্যাডারের মধ্যে পুলিশ ক্যাডার নামে স্বতন্ত্র ক্যাডার আছে, যেখানে এ বিষয়ের শিক্ষার্থীরা প্রাধান্য পেতে পারেন। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, জেলখানার জেলার, অফিসার নিয়োগেও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স পড়ুয়াদের প্রাধান্য স্পষ্ট। এ ছাড়া এ বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দুর্নীতি ও অপরাধ দমন কমিশন, আইন ও মানবাধিকার সংস্থা, উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক সাহায্য সংস্থায় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। পড়াশোনা ও ভর্তিবাংলাদেশে একমাত্র মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতিবছর একবার অনার্স ও মাস্টার্সে প্রতি ব্যাচে ৫০ জন নির্বাচিত শিক্ষার্থী ভর্তি করা হয়। স্নাতক পর্যায়ে ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান গ্রুপে এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদে মোট জিপিএ-৬.৫। স্নাতকোত্তর পর্যায়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে অথবা সমমানের সামাজিক বিজ্ঞানের যেকোনো বিষয়ে চার বছরের ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া পুলিশ প্রফেশনাল ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সুযোগ রয়েছে।যোগাযোগ: ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল। ফোন: ০৯২১৫৫৪০০।