‘অবা-জি এবালা কম্বলর ডরে ঠান্ডা ধাইবু’
‘অবা-জি এবালা কম্বলর ডরে ঠান্ডা ধাইবু। তোঁয়ারা আঁরারে বাঁচাইয়ু। প্রথম আলোরেও দোয়া গরির।’ (কম্বলের ভয়ে শীত পালাবে। তোমরা আমাদের বাঁচিয়েছ। প্রথম আলোকে দোয়া করি।)প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল হাতে পেয়ে এভাবে অনুভূতি জানান রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের ফুলতইল্যাপাড়া গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব বদুবালা।একই ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পার্বতী সাহা (৪৩), মধুবালা সাহা (৫৬), রাজাপাড়া গ্রামের মল্লিকা খাতুনসহ (৬৫) অনেকে কম্বল, চাদর ও গরম জামা পেয়ে আনন্দিত।প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রামের বন্ধু শিহাব জিশানের নেতৃত্বে গত ২৯ জানুয়ারি আরও ১০ বন্ধু চট্টগ্রাম থেকে ট্রাক ভর্তি শীতবস্ত্র নিয়ে রওনা দেন শিলক ইউনিয়নের উদ্দেশে। কিন্তু শিলক সেতু পার হওয়ার পর সড়কের গর্তে পড়ে ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়। তাঁরা পড়েন মহা বিপাকে।অবশেষে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু সুজয়ের মামা পল্লি চিকিৎসক সমীর দুটি ভটভটি নিয়ে এসে ট্রাক থেকে শীতবস্ত্র নামিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।গন্তব্যে পৌঁছে শিলক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী শীতবস্ত্র বিতরণ করেন।শহীদুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকারের দেওয়া শীতবস্ত্র দেশের প্রত্যন্ত সব অঞ্চলে পৌঁছায়নি। সেখানে প্রথম আলো শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজে দুস্থ মানুষের সেবায় এগিয়ে এসেছে পত্রিকাটি। এ জন্য আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথম আলোকে।’