‘অবিচল’ ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আনওয়েবেরিং!’ অর্থ অবিভক্ত, অবিচল। তিন তরুণ শিল্পী সাদিকুজ্জামান, জিয়া আলী ও মাসুদ কবিরের দলীয় চিত্র প্রদর্শনীর নাম এটি। এ নামের রহস্য কী? সাদিকুজ্জামানই উত্তরটা দিলেন, ‘আমাদের গন্তব্যস্থল খুব পরিষ্কার। শিল্পের বিশাল জগতে আমরা লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। এ প্রদর্শনী তারই বহিঃপ্রকাশ।’ একসঙ্গে প্রদর্শনী করা প্রসঙ্গে জিয়া আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়-জীবনের শুরু থেকে আমরা ঘনিষ্ঠ বন্ধু এবং একসঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই তিনজনই একসঙ্গে রাখি বাঁধলাম।’ মাসুদ কবিরের কথাটা হলো এ রকম—‘আমাদের মধ্যে বোঝাপড়া চমৎকার, তাই একসঙ্গে কাজ করা সহজ ও উপভোগ্য।’ গত ২২-২৫ জুলাই নগরের জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো তিন প্রতিশ্রুতিশীল শিল্পীর প্রদর্শনী। চার দিনের প্রদর্শনীতে সমাগম হয় অনেক দর্শকের। তাঁরা যেন দৃষ্টি দিয়ে আত্মস্থ করেছেন ছবিগুলো, শিল্পীদের ভাবনার জগত। মাসুদ কবিরের ছবিগুলোতে তুচ্ছ কাগজকে জীবনের বিভিন্ন অধ্যায়ের রূপকার হিসেবে তুলে ধরা হয়েছে। মাসুদ কবির বলেন, ‘অব্যবহার্য-উচ্ছিষ্ট কাগজের মধ্যে আমি খুঁজে ফিরছি শিল্পের নান্দনিকতা। উচ্ছিষ্ট কাগজের মূল্যায়ন করতে গিয়ে এদের অন্তর্নিহিত সৌন্দর্যের স্বাদ গ্রহণে জ্ঞান ব্যয় করেছি।’জিয়া আলীর ছবিগুলোতে তিনি সচরাচর বংশবৃদ্ধির ধারাকে প্রতীকী হিসেবে নারী ও বীজের মাধ্যমে প্রকাশ করেছেন। শিল্পকর্ম স্থাপনের ক্ষেত্রে কখনো বীজকে নারী রূপে আবার নারীকে বীজের ভেতরে উপস্থাপন করা হয়েছে, এতে করে নারীর বংশবৃদ্ধির সুপ্তচিন্তার বহিঃপ্রকাশের চেষ্টা আছে।’ শিল্পী সাদিকুজ্জামান ছবিগুলোতে আটপৌরে জীবনের প্রেম-ভালোবাসা, মা-সন্তানের সম্পর্ক এবং সামগ্রিকভাবে সমাজের ছবি তুলে ধরেছেন। কাজের মাধ্যমে বর্তমান সমাজব্যবস্থার রূপক চিত্র তুলে ধরার চেষ্টা দেখা গেল ছবিতে। পরগাছা বা ছত্রাক যেমন অন্য একটা পরিসরকে আশ্রয় করে নিজেদের প্রয়োজন মতো বেড়ে ওঠে এবং ঝড়-ঝাপটা বা প্রতিকূল অবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে, ব্যাঙের ছাতাও ঠিক তেমনি পরিত্যক্ত স্থান, ময়লা-আবর্জনায় জন্মে ও নিজেদের মতো করে বেঁচে থাকে, যা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি।’ চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক আলপ্তগীন তুষার ছবি সম্পর্কে বলেন, ‘স্বাধীনতার পর চট্টগ্রামে শিল্পীরা যে আন্দোলন গড়ে তোলেন তার ধারাবাহিকতার প্রভাব এই নবীন শিল্পীদের কাজের মধ্যে দৃশ্যমান। শিল্পীদের কাজের বিষয়বস্তু ও আঙ্গিকের মধ্যে নিজেকে খোঁজার একটা পরোক্ষ আকাঙ্ক্ষা সুস্পষ্ট।’ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ছাত্রী ভারতের শিভালক্ষ্মী আরামুগাম বলেন, ‘এ তিন শিল্পীর চিন্তা-ভাবনার পরিধি ও প্রয়োগ দেখে আমি বিস্মিত। বিশেষ করে, জিয়া আলী যেভাবে প্রজন্মের ধারাকে বীজ ও নারীর মাধ্যমে উপস্থাপন করেছেন তা প্রশংসনীয়।’ সানশাইন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক শাহিনুল ইসলাম বলেন, ‘‘মাসুদ কবিরের ‘সারকমস্টেনশেস-১২’, ‘পোর্ট্রেট-৪’ জিয়া আলীর ‘টু প্রোমোর্ট দ্য জেনারেশন ১০-১৬’ এবং সাদেকুজ্জামানের ‘কাপল-১, ৪’ এবং ‘নেচার-৪’ বেশি ভালো লেগেছে।’ চাকরিজীবী রাসেল আহমেদ জানান, ‘শিল্পীরা রং ব্যবহারে সতর্ক ছিলেন।’